পটুয়াখালীর মহিপুর থানাধীন লতাচাপলী ইউনিয়নের নয়ামিশ্রিপাড়া এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি ৫৪০ গ্রাম গাঁজাসহ দুই নারীসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মহিপুর থানা পুলিশ।

শুক্রবার (১২ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মহিপুর থানার একটি চৌকস পুলিশ দল অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে। এ সময় ঘটনাস্থল থেকে আরও দুইজন মাদক কারবারি পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন— মো: হারুন ঘরামী (৩০), পিতা: মো: মফেজ ঘরামী; মোছা: হামিদা বেগম (৪০), স্বামী: আলী হোসেন ঘরামী এবং মোছা: পারুল বেগম (৪০), স্বামী: মো: মনির হাওলাদার। তারা সবাই পটুয়াখালীর মহিপুর থানার লতাচাপলী ইউনিয়নের নয়ামিশ্রিপাড়া এলাকার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানের সময় তাদের কাছ থেকে মোট ১ কেজি ৫৪০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় অভিযুক্ত আরও দুই মাদক ব্যবসায়ী— আলী হোসেন ঘরামী (৪৫), পিতা: মৃত রফেজ ঘরামী এবং আমির হোসেন (৪০), পিতা: মো: মফেজ ঘরামী অভিযান চলাকালে পালিয়ে যায়।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শামীম হাওলাদার জানান, গ্রেপ্তারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) সারণির ১৯(ক)/৪১ ধারায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলার নম্বর— মহিপুর থানার মামলা নং-০৯, তারিখ: ১২/০৬/২০২৬।

তিনি আরও বলেন, পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক নির্মূলে মহিপুর থানা পুলিশের নিয়মিত অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।
স্থানীয় সচেতন মহল পুলিশের এই অভিযানের প্রশংসা করেছেন এবং এলাকায় মাদক নিয়ন্ত্রণে আরও কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।