উখিয়া, কক্সবাজার | ১৩ জুন ২০২৬:

কক্সবাজারের উখিয়া উপজেলার মধুরছড়া রোহিঙ্গা ক্যাম্প এলাকায় এক স্থানীয় পরিবারের বাড়িতে সশস্ত্র হামলার অভিযোগ উঠেছে। হামলার ঘটনায় ভুক্তভোগী পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে বলে দাবি করেছে।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, শুক্রবার (১২ জুন) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে মধুরছড়া ক্যাম্প সংলগ্ন এলাকায় বসবাসকারী স্থানীয় বাসিন্দা বাদশা মিয়া (বাদশা নার্সারি) এর বাড়িতে ১০-১২ জনের একটি সশস্ত্র দল হামলা চালায় বলে অভিযোগ রয়েছে।

প্রত্যক্ষদর্শী মোহাম্মদ ছৈয়দ করিম দাবি করেন, হামলাকারীরা ইউনিফর্ম পরিহিত অবস্থায় দেশীয় অস্ত্র নিয়ে বাড়িতে প্রবেশের চেষ্টা করে। এ সময় বাড়ির মালিক বাদশা মিয়াকে না পেয়ে নতুন নির্মাণাধীন ঘরে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ করা হয়েছে।

ভুক্তভোগী পরিবারের সদস্যদের দাবি, হামলাকারীরা ঘরের দরজা ভেঙে প্রবেশ করে বাদশা মিয়ার স্ত্রী রহিমা বেগমকে মারধর করে এবং পরিবারকে এলাকা ছেড়ে চলে যাওয়ার হুমকি দেয়। অন্যথায় প্রাণনাশের আশঙ্কা রয়েছে বলেও হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

ঘটনার খবর পেয়ে ক্যাম্পে দায়িত্বপ্রাপ্ত এপিবিএন (APBn) সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

রহিমা বেগম জানান, ঘটনার পর থেকে তার পরিবার আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে এবং নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন রয়েছে।

এ ঘটনায় উখিয়া থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

তবে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও ঘটনার বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে এবং স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।