জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ধরঞ্জী ইউনিয়নের মধ্য বাগুয়ান গ্রামে পানি প্রবাহের স্বাভাবিক পথ বন্ধ করে বাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে দুই ব্যক্তির বিরুদ্ধে। এতে সামান্য বৃষ্টিতেই গ্রামের চলাচলের রাস্তায় জলাবদ্ধতা সৃষ্টি হয়ে চরম দুর্ভোগে পড়েছেন শতাধিক মানুষ।
স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রামের পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে যাওয়ায় অল্প বৃষ্টিতেই হাঁটুসমান পানি জমে থাকে। ফলে স্কুলগামী শিশু, বৃদ্ধ ও সাধারণ মানুষকে নোংরা পানির মধ্য দিয়ে চলাচল করতে হচ্ছে। এতে বাড়ছে পানিবাহিত রোগের ঝুঁকিও।
স্থানীয় বাসিন্দা রেশমা বেগম অভিযোগ করে বলেন, “সামান্য বৃষ্টি হলেই রাস্তায় হাঁটু পানি জমে যায়। ছোট ছোট বাচ্চারা স্কুলে যেতে পারে না। নোংরা পানির কারণে বিভিন্ন রোগব্যাধিও দেখা দিচ্ছে।”
একই গ্রামের মিজানুর রহমান জানান, বিষয়টি নিয়ে আগে স্থানীয় ইউপি সদস্য ও গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে বৈঠক হলেও ড্রেন নির্মাণের জন্য প্রয়োজনীয় জায়গা না পাওয়ায় কোনো সমাধান হয়নি।
অভিযোগের বিষয়ে জহুরুল ইসলামের মা দেলোয়ারা বেগম বলেন, “পানি যাওয়ার কারণে মাটি ধুয়ে যাচ্ছিল। এজন্য পথ বন্ধ করা হয়েছে। মাটির নিচ দিয়ে পাইপ বসালে পানি চলাচল করতে পারবে।”
স্থানীয় ইউপি সদস্য আমজাদ হোসেন বলেন, “গ্রামের মানুষের চলাচলের সুবিধার্থে আগে রাস্তা করে দেওয়া হয়েছে। এখন তারা জায়গা দিলে বরাদ্দ সাপেক্ষে ড্রেন নির্মাণের ব্যবস্থা করা হবে।”
এদিকে দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ এবং স্থায়ী ড্রেন নির্মাণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। তাদের মতে, বর্ষা মৌসুমে এ সমস্যার দ্রুত সমাধান না হলে জনদুর্ভোগ আরও বাড়বে।