রাজশাহী মহানগরীতে সাংবাদিক পরিচয় দিয়ে এক অটোচালকের কাছ থেকে ২৫ হাজার টাকা আত্মসাতের অভিযোগে দায়ের হওয়া প্রতারণা মামলার আসামি পাভেল ইসলাম মিমুলকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১১ জুন) রাত ৯টার দিকে নগরীর মতিহার থানাধীন কাজলা মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মিমুল নগরীর বোয়ালিয়া মডেল থানার তালাইমারী বাবর আলী সড়ক এলাকার বাসিন্দা এবং টুলুর ছেলে।

মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মাদ গোলাম কবির গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জাকারিয়া সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে কাজলা মোড় এলাকা থেকে অভিযুক্ত মিমুলকে আটক করেন।

পুলিশ জানায়, সাংবাদিক পরিচয়ে প্রতারণার মাধ্যমে ২৫ হাজার টাকা আত্মসাতের অভিযোগে ভুক্তভোগী অটোচালক মঞ্জুর বাদী হয়ে মতিহার থানায় মামলা দায়ের করেন। মামলাটি মতিহার থানার মামলা নং-১৮ হিসেবে রুজু করা হয়েছে। এতে বাংলাদেশ দণ্ডবিধির ৪২০, ৪০৬ ও ৫০৬(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।

থানা সূত্রে জানা যায়, ব্যক্তিগত প্রয়োজনে মঞ্জুর কাটাখালী থানা এলাকার একটি গ্যারেজে তার মহাজনের ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধক রেখে ২৫ হাজার টাকা ঋণ নিয়েছিলেন। পরে গত ২১ মে রাত সাড়ে ১০টার দিকে অটোরিকশাটি ছাড়িয়ে আনার জন্য বন্ধু মিলনের সহযোগিতা চান তিনি।

এ সময় মিলনের মাধ্যমে পরিচিত হওয়া মিমুল নিজেকে একটি জাতীয় দৈনিক পত্রিকার সাংবাদিক এবং জাতীয় সাংবাদিক সংস্থার বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে পরিচয় দেন। পরে অটোরিকশাটি ছাড়িয়ে এনে দেওয়ার আশ্বাস দিয়ে মঞ্জুরের কাছ থেকে নগদ ২৫ হাজার টাকা গ্রহণ করেন।
অভিযোগে বলা হয়, গভীর রাত পর্যন্ত অপেক্ষার পরও মিমুল অটোরিকশা নিয়ে ফিরে আসেননি। পরবর্তীতে তার ব্যবহৃত মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়।

ভুক্তভোগী মঞ্জুর দাবি করেন, পরদিন ২২ মে রাত সাড়ে ৮টার দিকে যোগাযোগ করা হলে মিমুল টাকা ফেরত দিতে অস্বীকৃতি জানান। একই সঙ্গে তাকে গালিগালাজ ও হুমকি প্রদান করেন। পরে এ ঘটনায় প্রতারণা ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে মতিহার থানায় মামলা দায়ের করা হয়।

দীর্ঘ অনুসন্ধান ও অভিযান শেষে বৃহস্পতিবার রাতে অভিযুক্ত পাভেল ইসলাম মিমুলকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। শুক্রবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।