বাগেরহাট সদর উপজেলার খুলনা-মোংলা মহাসড়কের চুলকাটি বাজার এলাকায় জুমার নামাজ চলাকালীন সময়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করেছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার (১২ জুন) দুপুরে সংঘটিত এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়।
ভাইরাল হওয়া ১ মিনিট ১ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, চুলকাটি বাজারের প্রধান ফটকের সামনে থেকে বাগেরহাট জেলা ছাত্রলীগের ব্যানারে ৩০ থেকে ৪০ জনের একটি মিছিল বের হয়। মিছিলে নেতৃত্ব দেন রাখালগাছি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাগর ফারাজী বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
মিছিল চলাকালে অংশগ্রহণকারীদের ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘লড়াই লড়াই লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই’ এবং ‘চলছে লড়াই চলবে, ছাত্রলীগ লড়বে’সহ বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়।
স্থানীয়দের দাবি, জুমার নামাজের সময় হঠাৎ মিছিল বের হওয়ায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও উৎকণ্ঠা তৈরি হয়। তবে মিছিলটি কয়েক মিনিটের মধ্যেই শেষ হয়ে যায় এবং অংশগ্রহণকারীরা মোটরসাইকেলযোগে দ্রুত এলাকা ত্যাগ করে।
এ বিষয়ে চুলকাটি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ বিএম আলমগীর হোসেন বলেন, “জুমার নামাজ চলাকালীন সময়ে বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেলে করে ছাত্রলীগের নেতাকর্মীরা চুলকাটি বাজারে এসে একটি ঝটিকা মিছিল করে দ্রুত চলে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বাজার এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।”
ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয় প্রশাসন বিষয়টি পর্যবেক্ষণ করছে বলে জানা গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তারের তথ্য পাওয়া যায়নি।