খুলনা বিভাগের শ্রেষ্ঠ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন যশোর জেলার মণিরামপুর উপজেলার চালুয়াহাটি ইউনিয়নের রসুলপুর গ্রামের কৃতি সন্তান মো. মাসুদুর রহমান। বর্তমানে তিনি সাতক্ষীরার কলারোয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন।

খুলনা বিভাগীয় বাছাই কমিটির সভাপতি ও বিভাগীয় কমিশনার মো. আব্দুল্লাহ হারুন এবং সদস্য সচিব ও বিভাগীয় উপ-পরিচালক ড. শফিকুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে এ ঘোষণা দেওয়া হয়।

এ অর্জনে মণিরামপুরসহ পুরো যশোর জেলায় আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মো. মুতাছিম বিল্লাহ বলেন, “মণিরামপুর উপজেলার কৃতি সন্তান মাসুদুর রহমানের এই অর্জনে আমরা গর্বিত। তাঁর এই সাফল্য নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে।”

প্রতিক্রিয়ায় মো. মাসুদুর রহমান বলেন, “প্রথম হওয়াটা বড় বিষয় নয়, অংশগ্রহণ করাটাই গুরুত্বপূর্ণ। আমি আমার কাজের স্বীকৃতি পেয়েছি, তাই আরও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাব। কাজের প্রতি আন্তরিকতা ও ভালোবাসা থাকলে কোনো বাধাই বাধা নয়।”

তিনি আরও জানান, ২০০৫ সালের ২ ফেব্রুয়ারি সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হিসেবে সরকারি চাকরিতে যোগদান করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি সাতক্ষীরা সদর, শার্শা, কেশবপুর, কলারোয়া ও কালীগঞ্জসহ বিভিন্ন উপজেলায় দায়িত্ব পালন করেছেন। ২০২৫ সালের মার্চ মাসে পদোন্নতি পেয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হন।

এর আগে ২০১৩ সালে সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হিসেবে তিনি জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নির্বাচিত হয়ে জাতীয় স্বর্ণপদক অর্জন করেন। এছাড়া ভারতের নয়াদিল্লিতে প্রাথমিক শিক্ষা বিষয়ে সরকারি প্রশিক্ষণ গ্রহণের সুযোগও পান।

১৯৭৪ সালের ৬ ফেব্রুয়ারি জন্মগ্রহণকারী এই কর্মকর্তা মণিরামপুর উপজেলার রসুলপুর গ্রামের বাসিন্দা। তাঁর পিতা মরহুম বজলুর রহমান এবং মাতা হালিমা রহমান।

শিক্ষা প্রশাসনে সততা, দক্ষতা ও সেবামূলক মনোভাবের জন্য পরিচিত এই অর্জনকে স্থানীয়রা সমগ্র খুলনা বিভাগের জন্য গর্বের বিষয় হিসেবে দেখছেন।