বগুড়া, ধুনট | ১০ জুন ২০২৬ : বগুড়ার ধুনট উপজেলার মথুরাপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা রুহুল আমিন সোহাগকে সরকারি সম্মানি ভাতার অর্থ মসজিদ তহবিলে জমা দিতে অস্বীকৃতি জানানোয় বিনা নোটিশে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী ইমাম লিখিত অভিযোগে দাবি করেছেন, তিনি গত প্রায় নয় মাস ধরে উপজেলার মথুরাপুর কেন্দ্রীয় জামে মসজিদে ইমাম হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। সম্প্রতি ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে দেশের ইমামদের জন্য বিশেষ সরকারি সম্মানি ভাতা চালু হলে তার নামেও ওই ভাতা বরাদ্দ হয়। মার্চ, এপ্রিল ও মে ২০২৬ মাসের ভাতার অর্থ তার ব্যক্তিগত ব্যাংক হিসাবে জমা হয়।

অভিযোগ অনুযায়ী, মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মো. ফিরোজ এবং সাধারণ সম্পাদক মো. আমজাদ হোসেন তার ব্যাংক হিসাবে জমাকৃত সরকারি ভাতার অর্থ উত্তোলন করে মসজিদ তহবিলে জমা দেওয়ার জন্য বিভিন্নভাবে চাপ প্রয়োগ করেন। তবে সরকারি সম্মানি ভাতা ব্যক্তিগত প্রাপ্য হওয়ায় তিনি তা মসজিদ ফান্ডে জমা দিতে রাজি হননি।

এর জের ধরে গত মে মাসের বেতন-ভাতা আটকে রাখা হয় এবং গত ২৭ মে ঈদুল আজহার পূর্ব রাতে মোবাইল ফোনে তাকে মসজিদের ইমামের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।

এ বিষয়ে মসজিদ পরিচালনা কমিটির সভাপতির বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ থাকায় কোনো মন্তব্য পাওয়া যায়নি।
ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফ উল্লাহ নিজামী বলেন, “বিষয়টি সম্পর্কে অবগত হয়েছি। মসজিদ পরিচালনা কমিটির সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

ঘটনাটি স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি ও এলাকাবাসীর মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি করেছে। সরকারি ভাতা নিয়ে বিরোধের কারণে একজন ইমামকে দায়িত্ব থেকে অব্যাহতির অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন মহল।