৪৯ বছর বয়সেও অসাধারণ ফিটনেস ধরে রেখেছেন গ্লোবাল পপ তারকা শাকিরা। মঞ্চে ঘণ্টার পর ঘণ্টা নাচ, গানের পরিবেশনা ও বিশ্বজুড়ে ট্যুর সামলেও তিনি তার শক্তি, সহনশীলতা ও ঝরঝরে শরীর ধরে রেখেছেন। শাকিরার দীর্ঘদিনের ফিটনেস প্রশিক্ষক অ্যানা কাইজারের তথ্য অনুযায়ী, তাঁর ফিট থাকার মূল রহস্য হলো নিয়মিত শারীরিক ব্যায়াম, নাচ ও সুষম খাদ্যাভ্যাস।

শাকিরার ওয়ার্কআউটে প্রধানত থাকে ড্যান্স-কার্ডিও। এটি এমন ব্যায়াম যেখানে নাচের বিভিন্ন মুভমেন্টের মাধ্যমে হৃদ্‌যন্ত্রের কার্যক্ষমতা ও ক্যালরি খরচ বৃদ্ধি পায়। এছাড়া, হালকা ওজন ব্যবহার করে পুনরাবৃত্তিমূলক ব্যায়াম তার শরীরকে টোনড রাখে। অধিকাংশ অনুশীলন লো ইমপ্যাক্ট, যা হাঁটু, গোড়ালি ও কোমরের জয়েন্টে অতিরিক্ত চাপ সৃষ্টি করে না।

শাকিরা কোর বা অ্যাবসের ব্যায়ামে বিশেষ মনোযোগ দেন। তার রুটিনে সিট-আপ ও পিলাটেসভিত্তিক ব্যায়াম থাকে। ব্যায়ামের ৪৫ মিনিটের মধ্যে প্রোটিনসমৃদ্ধ খাবার গ্রহণ করে পেশি পুনর্গঠন ও শক্তি বজায় রাখেন।

খাদ্যতালিকায় থাকে পুষ্টিকর ও প্রোটিনসমৃদ্ধ খাবার। সকালবেলা অমলেট ও শাকসবজি, দুপুরে প্রোটিনসমৃদ্ধ সালাদ, রাতের খাবারে ভাপানো সবজি ও প্রোটিন। দিনের বিভিন্ন সময়ে স্যুপ, সবজি ও প্রোটিন শেক গ্রহণ করেন।

শাকিরার ফিটনেসের মূল রহস্য জাদুকরি ডায়েট নয়; বরং নিয়মিত ব্যায়াম, সক্রিয় জীবনযাপন ও সুষম খাদ্যাভ্যাসে নিহিত।