পঞ্চগড়, আটোয়ারী | ৯ জুন ২০২৬ : পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি সম্পর্কে সচেতন করা এবং কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ‘পার্টনার কংগ্রেস ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে কৃষি উন্নয়ন, পুষ্টি নিরাপত্তা, উদ্যোক্তা সৃষ্টি এবং জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
মঙ্গলবার (৯ জুন) সকালে আটোয়ারী উপজেলা পরিষদ মিলনায়তনে ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (PARTNER)’ প্রকল্পের আওতায় এ কংগ্রেসের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পঞ্চগড় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আব্দুল মতিন বলেন, আধুনিক কৃষি প্রযুক্তির সম্প্রসারণ, উত্তম কৃষি চর্চার প্রসার এবং কৃষকদের দক্ষতা বৃদ্ধিতে পার্টনার প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। প্রকল্পের মাধ্যমে মাঠ পর্যায়ে কৃষকদের বিভিন্ন ধরনের কার্যকর প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে, যা কৃষি উৎপাদন বৃদ্ধি ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সহায়তা করবে।
তিনি আরও বলেন, আধুনিক ও সমৃদ্ধ কৃষিভিত্তিক বাংলাদেশ গড়তে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নিরলসভাবে কাজ করছে। কৃষকদের নতুন প্রযুক্তি গ্রহণে উদ্বুদ্ধ করার পাশাপাশি টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তুলতেও নানা উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপামনি দেবীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তাক আহমেদ। কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আফজাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন পার্টনার প্রকল্পের দিনাজপুর অঞ্চলের সিনিয়র মনিটরিং অফিসার সঞ্জয় দেব নাথ, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো. ফরহাদ হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা মো. ফারুক হোসেন, উপজেলা বিএনপির সভাপতি এ জেড এম বজলুর রহমান জাহেদ, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম দুলাল, উপজেলা কৃষকদলের আহ্বায়ক মো. বাবুল ইসলাম এবং বিএনপি নেতা ও সাবেক ভাইস চেয়ারম্যান মো. শাহজাহানসহ অন্যান্য অতিথিরা।
কংগ্রেসে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, কৃষি উদ্যোক্তা, প্রান্তিক কৃষক-কৃষাণী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠান শেষে পার্টনার প্রকল্পের বিভিন্ন কার্যক্রম, আধুনিক কৃষি প্রযুক্তি এবং কৃষি উদ্ভাবন সম্পর্কে কৃষকদের ধারণা দিতে বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়। প্রদর্শনীতে স্থাপিত বিভিন্ন স্টলে কৃষি প্রযুক্তি, পুষ্টিকর ফসল উৎপাদন, উদ্যোক্তা উন্নয়ন এবং কৃষি যান্ত্রিকীকরণ বিষয়ক তথ্য উপস্থাপন করা হয়।
কৃষি সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের আয়োজন কৃষকদের আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থার সঙ্গে আরও সম্পৃক্ত করবে এবং কৃষি খাতে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সহায়ক ভূমিকা রাখবে।