শিবচর, মাদারীপুর | ৯ জুন ২০২৬ : মাদারীপুরের শিবচর উপজেলার বাশকান্দি এলাকায় দায়ের হওয়া একটি মামলাকে ‘সাজানো, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত’ দাবি করে সংবাদ সম্মেলন করেছেন মামলার অভিযুক্ত পক্ষের সদস্যরা। তারা অভিযোগ করেছেন, ব্যক্তিগত বিরোধ ও পূর্বশত্রুতার জেরে পরিকল্পিতভাবে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে।
গতকাল সোমবার (৮ জুন) বিকেলে বাশকান্দি নতুন বাজারে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন অভিযুক্ত পরিবারের সদস্যরা। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি, সামাজিক নেতৃবৃন্দ এবং অভিযুক্ত পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে বক্তারা জানান, গত ৪ জুন শিবচর থানায় দায়ের হওয়া একটি মামলায় অন্যায়ভাবে তাদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। মামলার বাদী মোসা. আফরোজা আক্তার তার স্বামী আরাফাত বয়াতীর ওপর হামলার অভিযোগ আনলেও ওই ঘটনার সঙ্গে তাদের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে দাবি করেন তারা।
অভিযুক্তদের ভাষ্য অনুযায়ী, অভিযোগের দিন তারা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। বরং ওইদিন তারা পাইলাকান্দি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের একটি চর এলাকায় সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করেন এবং স্থানীয় একটি মসজিদে অনুদান প্রদান করেন। পরবর্তীতে রাতে নিজ এলাকায় ফিরে একটি গায়ে হলুদের অনুষ্ঠানে অংশ নেন।
তারা আরও দাবি করেন, সংশ্লিষ্ট মসজিদের ইমাম, স্থানীয় বাসিন্দা এবং গায়ে হলুদ অনুষ্ঠানের আয়োজক পরিবারের সদস্যরা তাদের অবস্থান সম্পর্কে সাক্ষ্য দিতে পারবেন।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, একটি স্বার্থান্বেষী মহল সামাজিক ও ব্যক্তিগতভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে মামলা করেছে। এর ফলে তারা মানসিক, সামাজিক ও পারিবারিকভাবে ক্ষতির মুখে পড়েছেন।
তারা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন করা হোক এবং নির্দোষ ব্যক্তিদের হয়রানি থেকে রক্ষা করা হোক।
বক্তারা আশা প্রকাশ করেন, আইনশৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত চিত্র সামনে আসবে এবং সত্য প্রতিষ্ঠিত হবে।