কুড়িগ্রাম | ৮ জুন ২০২৬

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় এক মাসের ব্যবধানে দ্বিতীয়বার তেঁতুল গাছের মগডালে উঠে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছেন সাজেদা বেগম নামের এক নারী। সোমবার (৮ জুন) সকালে উপজেলার গোড়াই আনন্দবাজার এলাকায় ঘটে এ ঘটনা। পরে গাছ থেকে না নেমে পাশের পুকুরে ঝাঁপ দিলে স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সাজেদা বেগম উপজেলার গোড়াই এলাকার আবু সাঈদের স্ত্রী। সোমবার সকাল থেকে তাকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে অনুসন্ধান শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের একটি তেঁতুল গাছের মগডালে তাকে দেখতে পান স্থানীয়রা।

খবরটি মুহূর্তের মধ্যে এলাকায় ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে শত শত উৎসুক মানুষ ভিড় জমায়। পরে পরিবার ও স্থানীয়রা তাকে নিচে নামানোর চেষ্টা করেন। তবে সবার আহ্বান উপেক্ষা করে তিনি গাছ থেকে সরাসরি নিচে না নেমে পাশের পুকুরে ঝাঁপ দেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, গত ৬ মে একই ধরনের ঘটনায় সাজেদা বেগম নিখোঁজ হওয়ার পর বাড়ির পাশের একটি তেঁতুল গাছের মগডাল থেকে তাকে উদ্ধার করা হয়েছিল। সেবার স্থানীয় ফায়ার সার্ভিসের সদস্যরা দীর্ঘ প্রচেষ্টার পর তাকে নিরাপদে নামিয়ে আনেন।

এলাকাবাসীর মধ্যে ঘটনাটি নিয়ে নানা ধরনের আলোচনা চলছে। কেউ এটিকে মানসিক স্বাস্থ্যজনিত সমস্যা হিসেবে দেখছেন, আবার কেউ কুসংস্কারমূলক নানা ব্যাখ্যা দিচ্ছেন। তবে পরিবার বলছে, তারা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছেন এবং চিকিৎসকের পরামর্শ নেওয়ার উদ্যোগ নিয়েছেন।

সাজেদা বেগমের স্বামী আবু সাঈদ বলেন, “গত মাসেও একই ঘটনা ঘটেছিল। আজ সকালেও তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে গাছের ওপর দেখতে পাই। মানুষের ভিড় বাড়তে থাকলে সে হঠাৎ পুকুরে ঝাঁপ দেয়। আমরা ভালো চিকিৎসকের মাধ্যমে প্রকৃত কারণ জানার চেষ্টা করব এবং প্রয়োজনীয় চিকিৎসা করাব।”

এ ঘটনায় পুরো এলাকায় নতুন করে আলোচনা শুরু হয়েছে। স্থানীয়দের মতে, বিষয়টি নিয়ে গুজব না ছড়িয়ে যথাযথ চিকিৎসা ও বিশেষজ্ঞ মতামতের মাধ্যমে প্রকৃত কারণ অনুসন্ধান করা প্রয়োজন।