চট্টগ্রামের পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রশস্ত্র ও একটি লেগুনা গাড়িসহ তিন ডাকাতকে গ্রেপ্তার করেছে পটিয়া থানা পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সংঘবদ্ধ ডাকাত দলের অন্য সদস্যরা পালিয়ে যায়।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার কুসুমপুরা ইউনিয়নের পূর্ব মনসা এলাকার অপসরী কমিউনিটি সেন্টারের পেছনের সড়কে সংঘবদ্ধ ডাকাত দলের অবস্থানের গোপন সংবাদ পেয়ে ৬ জুন ভোররাতে অভিযান পরিচালনা করে পটিয়া থানা পুলিশ। স্থানীয় জনগণের সহযোগিতায় অভিযান চালিয়ে তিন ডাকাতকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— মো. মামুন (২৫), পিতা মৃত ইছাক, শিকলবাহা, কর্ণফুলী; তৌহিদুল ইসলাম আরফাত (২১), পিতা আফসার, শিকলবাহা, কর্ণফুলী; এবং ইস্কান্দার (৩২), পিতা নুর আলম, শাকপুরা, বোয়ালখালী।
পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউল হক জিয়া জানান, পুলিশ পরিদর্শক (তদন্ত) যুযুৎসু যশ চাকমার নেতৃত্বে এসআই মো. কামরুল হাসান ও সঙ্গীয় ফোর্স বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় ডাকাতদের কাছ থেকে একটি সুইচ চাকু, একটি পুরোনো ছুরি, একটি কাটার, একটি স্টিলের চাকু, একটি দা, একটি রামদা এবং ডাকাতির কাজে ব্যবহৃত একটি লেগুনা গাড়ি উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, পুলিশের উপস্থিতি বুঝতে পেরে ডাকাত দলের অন্যান্য সদস্যরা দ্রুত পালিয়ে যায়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পটিয়া থানায় মামলা দায়েরের পর আদালতে সোপর্দ করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
স্থানীয় বাসিন্দারা পুলিশের এ সফল অভিযানের প্রশংসা করে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও জোরদার করার দাবি জানিয়েছেন।