নোয়াখালী জেলা পুলিশ লাইন্সের প্যারেড গ্রাউন্ডে জেলা পুলিশের কর্মকর্তা ও সদস্যদের অংশগ্রহণে সুশৃঙ্খল পরিবেশে মাস্টার প্যারেড ও কিট প্যারেড অনুষ্ঠিত হয়েছে। প্যারেডে উপস্থিত থেকে কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন নোয়াখালী জেলার পুলিশ সুপার টি.এম. মোশাররফ হোসেন।
রোববার (৭ জুন) সকাল সাড়ে ৭টায় নোয়াখালী পুলিশ লাইন্সের প্যারেড গ্রাউন্ডে এ আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও সদস্যরা অংশগ্রহণ করেন।
মাস্টার প্যারেডে প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার মোহাম্মদ সাজ্জাদ হোসেন। কুচকাওয়াজ পরিদর্শন শেষে পুলিশ সুপার টি.এম. মোশাররফ হোসেন সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি পেশাগত দক্ষতা বৃদ্ধি, আইন-শৃঙ্খলা রক্ষা, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং জনসেবার মানোন্নয়নে সর্বোচ্চ আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
পরবর্তীতে অফিসার ও ফোর্সের সমন্বয়ে আয়োজিত কিট প্যারেডে অংশ নিয়ে পুলিশ সুপার সদস্যদের অভিবাদন গ্রহণ করেন এবং তাদের নামে ইস্যুকৃত কিটসমূহ রেজিস্টারের সঙ্গে মিলিয়ে যাচাই করেন। এ সময় তিনি ড্রেস রোল অনুযায়ী নির্ধারিত পোশাক পরিধান, সরকারি সরঞ্জামের যথাযথ ব্যবহার, ব্যক্তিগত পরিচ্ছন্নতা, শৃঙ্খলা বজায় রাখা এবং দায়িত্ব পালনে পেশাদারিত্ব নিশ্চিত করার নির্দেশনা দেন।
এছাড়াও পুলিশ সুপার জেলা পুলিশ লাইন্সের অস্ত্রাগার ও যানবাহন শাখা পরিদর্শন করেন। পরিদর্শনকালে সংশ্লিষ্ট শাখাগুলোর কার্যক্রম, রক্ষণাবেক্ষণ ব্যবস্থা এবং প্রস্তুতিমূলক সক্ষমতা সম্পর্কে খোঁজখবর নেন। তিনি পুলিশ সদস্যদের সার্বিক প্রস্তুতি, শৃঙ্খলা ও দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
নোয়াখালী জেলা পুলিশের নিয়মিত প্রশিক্ষণ ও পরিদর্শন কার্যক্রমের অংশ হিসেবে আয়োজিত এ মাস্টার প্যারেড ও কিট প্যারেড সদস্যদের পেশাগত মানোন্নয়ন এবং জনসেবার গুণগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।