কুমিল্লা | ৭ জুন ২০২৬ : কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের ঝটিকা মিছিলের ঘটনায় অন্তত ৪৫ জনকে আটক করেছে পুলিশ। একই সঙ্গে ঘটনাস্থল থেকে ২টি মিনিবাস ও ৩টি হায়েস মাইক্রোবাসসহ মোট ৫টি যানবাহন জব্দ করা হয়েছে।
রোববার (৭ জুন) দুপুরে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার মাটিয়ারা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামগামী লেনে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইসরাফিল পিয়াসের নেতৃত্বে ছাত্রলীগের নেতাকর্মীরা মহাসড়কে একটি ঝটিকা মিছিল বের করেন। মিছিলটি মাটিয়ারা এলাকা থেকে চাষাপাড়ার দিকে অগ্রসর হওয়ার সময় স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তাদের ধাওয়া দেন।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে খবর পেয়ে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায়। এ সময় ৪৫ জনকে আটক করা হয় এবং মিছিলে ব্যবহৃত ২টি মিনিবাস ও ৩টি হায়েস মাইক্রোবাস জব্দ করা হয়।
ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে বলে জানিয়েছেন স্থানীয়রা। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানা গেছে।
কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রকিবুল ইসলাম বলেন, “মিছিলের খবর পাওয়ার পর পুলিশ অভিযান চালিয়ে ৪৫ জনকে আটক করেছে। বর্তমানে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যাচাই-বাছাই শেষে আটকদের পরিচয় ও তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত জানানো হবে।”
পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে জব্দ করা যানবাহনগুলো থানার হেফাজতে রাখা হয়েছে এবং বিষয়টি নিয়ে তদন্ত চলছে।
উল্লেখ্য, গত শুক্রবার নোয়াখালীর পৃথক দুটি স্থানে কার্যক্রম নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের অঙ্গসংগঠন ও ছাত্রলীগের নেতাকর্মীদের মিছিলের ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। ওই মিছিলের ছবি ও ভিডিও ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়। এরই ধারাবাহিকতায় কুমিল্লার এ ঘটনাও রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার সৃষ্টি করেছে।