কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি:
গোপালগঞ্জের কোটালীপাড়ায় অনুষ্ঠিত হয়েছে ওলামা মাশায়েখ সম্মেলন। শুক্রবার সকালে উপজেলার শাহানা রশিদ বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মজলিসুল মোফাসীরিনের কেন্দ্রীয় সভাপতি ও গোপালগঞ্জ-১ আসনের জামায়াতের প্রার্থী মাওলানা আব্দুল হামিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা জামায়াতের আমীর ও গোপালগঞ্জ-৩ আসনের প্রার্থী এম এম রেজাউল করিম।
সভায় সভাপতিত্ব করেন কোটালীপাড়া উপজেলা জামায়াতের আমীর মো: সোলায়মান গাজী। এসময় উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি আল মাসুদ খান, উপজেলা নায়েবে আমীর মিজানুর রহমান সেকেন্দার, উপজেলা সেক্রেটারি মাওলানা ফরিদউদ্দিন মাসুদ, বাংলাদেশ খেলাফত মজলিসের পৌর সভাপতি মাওলানা আনসার আলীসহ স্থানীয় বিভিন্ন ইসলামী সংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আব্দুল হামিদ বলেন, “আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠায় সংসদে কোরআনপন্থি লোক পাঠাতে হবে। কোরআনের বিধান শুধু মুখে নয়, বাস্তবে প্রয়োগ করতে হবে।” তিনি আরও বলেন, “এই নির্বাচন হবে সুষ্ঠু ও গ্রহণযোগ্য। জনগণ যেন স্বাধীনভাবে ভোট দিতে পারে সেটাই আমাদের লক্ষ্য।”

বিশেষ অতিথি এম এম রেজাউল করিম বলেন, “আলেম সমাজকে ঐক্যবদ্ধ হতে হবে। জাতির এই সংকটময় মুহূর্তে ইসলামী আদর্শ প্রতিষ্ঠার বিকল্প নেই। আগামী সংসদ যেন হয় কোরআন ভিত্তিক সংসদ—সে জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
সম্মেলনে বক্তারা ইসলামী ঐক্য, সামাজিক শান্তি ও ন্যায়ের প্রতিষ্ঠার আহ্বান জানান।