চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার ঐতিহ্যবাহী চুনতিতে অনুষ্ঠিতব্য ৫৬তম আন্তর্জাতিক সীরতুন্নবী (সা.) মাহফিলকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি কার্যক্রম শুরু হয়েছে। মাহফিলের সার্বিক আয়োজন সফল, সুশৃঙ্খল ও নিরাপদভাবে সম্পন্ন করার লক্ষ্যে আয়োজক কমিটির উদ্যোগে এক গুরুত্বপূর্ণ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মতোয়াল্লী কমিটির সভাপতি মাওলানা হাফিজুল ইসলাম আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা আবু মাছুম খান।
সভায় জানানো হয়, আগামী ১৪৪৮ হিজরির ১১ রবিউল আউয়াল মোতাবেক ২৫ আগস্ট ২০২৬ থেকে ঐতিহাসিক এ ধর্মীয় আয়োজনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। টানা ১৯ দিনব্যাপী কর্মসূচির পর আগামী ১২ সেপ্টেম্বর দিবাগত রাতে লাখো ধর্মপ্রাণ মুসল্লির অংশগ্রহণে আখেরি মোনাজাতের মাধ্যমে মাহফিলের সমাপ্তি ঘটবে।
সভায় মাহফিলের অবকাঠামোগত উন্নয়ন, নিরাপত্তা ব্যবস্থা জোরদার, ট্রাফিক নিয়ন্ত্রণ, আগত মুসল্লিদের আবাসন ও খাদ্য সুবিধা, চিকিৎসা সেবা, পরিচ্ছন্নতা কার্যক্রম, স্বেচ্ছাসেবক নিয়োগ এবং বিভিন্ন উপ-কমিটির দায়িত্ব বণ্টন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। নির্ধারিত সময়ের মধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনাও প্রদান করা হয়।
বক্তারা বলেন, চুনতির আন্তর্জাতিক সীরতুন্নবী (সা.) মাহফিল পাঁচ দশকেরও বেশি সময় ধরে ইসলামের শান্তি, মানবতা, সহনশীলতা ও সম্প্রীতির বাণী প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। প্রতি বছর এ মাহফিলে দেশ-বিদেশের খ্যাতিমান আলেম-ওলামা, ইসলামি চিন্তাবিদ, গবেষক এবং লাখো ধর্মপ্রাণ মুসল্লির সমাগম ঘটে। ফলে এটি দক্ষিণ চট্টগ্রামের অন্যতম বৃহৎ ও ঐতিহ্যবাহী ধর্মীয় সমাবেশ হিসেবে সুপরিচিত।
প্রস্তুতি সভায় মতোয়াল্লী কমিটির সদস্য মোহাম্মদ ইসমাঈল মানিক, এডিএম আবদুল বাসেত দুলাল, শাহ মাওলানা হাফিজুল হক নিজামী এবং মাওলানা আব্দুল মালেক ইবনে দিনার নাজাতসহ নির্বাহী কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়া নির্বাহী কমিটির সদস্যদের মধ্যে এরশাদুল হক ভুট্টো, নুরুল ইসলাম জসিম, আমিনুর রহমান ছিদ্দিকী, জসিম উদ্দিন খান, অলিউদ্দিন মোহাম্মদ, এবাদুর রহমান, অ্যাডভোকেট মিনহাজুল আবরার, আবু ছাদেক খান, নুরুল কবির, জমিল উদ্দিন, কফিল উদ্দিন লিটু, নিয়াজুর রহমান খান নোমান, কমরুল হুদা, তৈয়বুল হক বেদার, কশশাফুল হক শেহজাদ, বাহার উদ্দিন রাশেদ খান, সাদুর রহমান, কাজী আরিফুল ইসলাম, মোহাম্মদ নাঈম নিমু, যাহেদুর রহমান, জিএম মোস্তফা কামাল সোহেল, শাহাদাৎ খান ছিদ্দিকী, গোলাম কিবরিয়া সাহেল, কাজী মোহাম্মদ আশরাফুল হাসান আনাজ, রায়হান উদ্দিন, খালেদ হোসাইন, আবুল আলা সিদ্দিকী নবাব, নাঈম উদ্দিন, সাঈদুল হাসান মাশুক, আব্দুল মান্নান, মাওলানা ইলিয়াছ আহমদ আজাদ, মোহাম্মদ আবু ওয়াক্কাস কায়েস, মিজানুর রহমান, আবরারুল ইসলাম, মহিউদ্দিন নিজামী ও হাফেজ আহমদ আদিল উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা আশা প্রকাশ করেন, পূর্বের ধারাবাহিকতার মতো এবারও চুনতির ৫৬তম আন্তর্জাতিক সীরতুন্নবী (সা.) মাহফিল দেশ-বিদেশের অসংখ্য ধর্মপ্রাণ মানুষের মিলনমেলায় পরিণত হবে। মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ, নৈতিক শিক্ষা, মানবতা, সহনশীলতা ও শান্তির বার্তা সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে এ মাহফিল গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে তারা মত প্রকাশ করেন।
একই সঙ্গে মাহফিল সফল করতে স্থানীয় প্রশাসন, বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠান, স্বেচ্ছাসেবক এবং সর্বস্তরের জনগণের আন্তরিক সহযোগিতা কামনা করেন আয়োজকরা।