বাঁশখালী, চট্টগ্রাম | ৬ জুন ২০২৬: বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুইছড়ি নিউ জেনারেশন সোসাইটির উদ্যোগে বৃক্ষরোপণ ও বৃক্ষের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ জুন) সকালে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ এহসান। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক মু. তাওহিদুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের নবনির্বাচিত সভাপতি মামুনুর রশীদ নূরী। সার্বিক তত্ত্বাবধান করেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক আরাফাতুল ইসলাম।
এ সময় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও ওয়ার্ড প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত হোছাইন, আদনান মঞ্জুর রাদভী, সাবেক অর্থ সম্পাদক এহসান হাবিব চৌধুরী, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ওয়াহিম হোছাইন চৌধুরী, সাবেক সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক শফিকুর রহমান, সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাঈদ হাসান, সদস্য তৌহিদুল ইসলাম, সানজিদ ও মিনহাজ উদ্দিনসহ অনেকে।

বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই। আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে সবাইকে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান তারা।

কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ ও বিতরণ করা হয়। আয়োজকরা জানান, পরিবেশ সুরক্ষায় জনসচেতনতা বৃদ্ধি এবং সবুজায়ন কার্যক্রমকে বেগবান করতে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

‘গাছ রোপণ করি, বাসযোগ্য পৃথিবী গড়ি’ এবং ‘বৃক্ষেরসাথেজীবনেরঅবিচ্ছেদ্য বন্ধন সুদৃঢ় করি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সংগঠনটি দীর্ঘদিন ধরে পরিবেশবান্ধব নানা কার্যক্রম পরিচালনা করে আসছে।