গাজীপুর, কালিয়াকৈর | ৪ জুন ২০২৬ : গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় তিনটি গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় গরুবাহী পিকআপসহ তিনজনকে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়। বৃহস্পতিবার দুপুরে উপজেলার সিনাবহ এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে একটি পিকআপ ভ্যানে করে তিনটি গরু দ্রুতগতিতে বড়ইবাড়ী থেকে সফিপুরের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। এ সময় চালক ও সহযোগীদের আচরণ সন্দেহজনক মনে হলে সিনাবহ এলাকার স্থানীয়রা গাড়িটি থামিয়ে জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদের সময় তাদের কথাবার্তায় অসংগতি ধরা পড়লে স্থানীয় জনতা তাৎক্ষণিকভাবে পিকআপসহ তিনজনকে আটক করে এবং বিষয়টি পুলিশকে অবহিত করে।
পরে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটককৃত তিনজনকে হেফাজতে নেয় এবং গরুসহ পিকআপ জব্দ করে থানায় নিয়ে যায়। উদ্ধার হওয়া তিনটি গরু সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া এলাকা থেকে আনা হয়েছিল বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তবে গরুগুলো চুরি করা হয়েছে কি না এবং প্রকৃত মালিক কে—তা এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।
এ ঘটনায় আটক ব্যক্তিরা হলেন গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বড় কাঞ্চনপুর এলাকার আবেদ আলীর ছেলে মুক্তার হোসেন (৪২), টাঙ্গাইল জেলার ভূঞাপুর থানার গাবচারা এলাকার শাহ আলমের ছেলে আলামিন হোসেন (৩৮) এবং একজন পিকআপ হেলপার, যার পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, স্থানীয় জনগণের সহযোগিতায় তিনজনকে গরুবাহী পিকআপসহ থানায় আনা হয়েছে। গরুগুলোর মালিকানা ও চুরির সঙ্গে তাদের সম্পৃক্ততা আছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। অভিযোগের সত্যতা পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।