গাজীপুর | ০৪ জুন ২০২৬ : ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিকে ঘিরে চলমান ষড়যন্ত্রের প্রতিবাদ এবং এস আলম গ্রুপের বিদেশে পাচারকৃত অর্থ দেশে ফিরিয়ে এনে বিচার নিশ্চিত করার দাবিতে গাজীপুরের কালিয়াকৈরে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ব্যাংকটির গ্রাহকরা।

বৃহস্পতিবার (৪ জুন) সকালে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের উদ্যোগে কালিয়াকৈর উপজেলার আলহাজ্ব খবির উদ্দিন সুপার মার্কেটের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার গ্রাহক ও স্থানীয় সচেতন নাগরিক অংশ নেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে দেশের অন্যতম বৃহৎ ইসলামী ব্যাংকিং প্রতিষ্ঠান ইসলামী ব্যাংককে দুর্বল ও ক্ষতিগ্রস্ত করার অপচেষ্টা চালাচ্ছে। তারা বলেন, বিগত সময়ে নানা অনিয়ম ও বিতর্কের কারণে ব্যাংকটির ভাবমূর্তি ও আর্থিক কাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমান পরিস্থিতিতে ব্যাংকটিকে আরও কোনোভাবে ক্ষতিগ্রস্ত হতে দেওয়া যাবে না।

বক্তারা সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, এস আলম গ্রুপের বিরুদ্ধে উত্থাপিত অর্থ পাচারের অভিযোগ যথাযথভাবে তদন্ত করতে হবে এবং বিদেশে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনার কার্যকর উদ্যোগ নিতে হবে। একই সঙ্গে সংশ্লিষ্টদের দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় বিচার সম্পন্ন করার দাবি জানান তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন ইসলামী ব্যাংকের গ্রাহক ইঞ্জিনিয়ার নূর মোহাম্মদ, ইঞ্জিনিয়ার বজলুর রহমান, মো. আজাহারুল ইসলাম এবং মাওলানা মোস্তফা কামাল।
এ সময় উপস্থিত ছিলেন ছানোয়ার হোসেন, রাজিব হোসেন, সুলতান মাস্টার, সারোয়ার হোসেন, আতিকুল ইসলাম, কামাল হোসেনসহ আরও অনেকে।

মানববন্ধন থেকে ইসলামী ব্যাংকের স্বচ্ছতা, স্থিতিশীলতা ও গ্রাহক স্বার্থ রক্ষায় সরকারের কার্যকর পদক্ষেপ কামনা করা হয়।