কুড়িগ্রাম, উলিপুর | ৪ জুন ২০২৬ : কুড়িগ্রামের উলিপুর পৌর শহরের দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসন এবং সড়ক দুর্ঘটনায় প্রাণহানি রোধে হ্যালিপ্যাড থেকে আমিন মোড় পর্যন্ত বাইপাস সড়ক দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) সকাল ১০টায় উলিপুর বাইপাস সড়ক বাস্তবায়ন কমিটির উদ্যোগে পৌর শহরের বড় মসজিদ মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, ব্যবসায়ী, শিক্ষার্থী, পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তি ও সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা “আমাদের দাবি, আমাদের অধিকার—উলিপুর হ্যালিপ্যাড হতে আমিন মোড় পর্যন্ত বাইপাস সড়ক বাস্তবায়ন চাই” স্লোগান দিতে থাকেন। তারা বলেন, পৌর শহরে প্রতিনিয়ত যানবাহনের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। ফলে প্রধান সড়কগুলোতে তীব্র যানজট সৃষ্টি হচ্ছে এবং ভারী যানবাহনের চলাচলের কারণে সাধারণ মানুষের চলাফেরা ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
বক্তারা অভিযোগ করেন, শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যানজটের কারণে প্রতিদিন সাধারণ মানুষকে ভোগান্তির শিকার হতে হচ্ছে। শিক্ষার্থী, চাকরিজীবী, রোগী ও ব্যবসায়ীদের সময় নষ্ট হওয়ার পাশাপাশি দুর্ঘটনার আশঙ্কাও বেড়ে যাচ্ছে।
তারা আরও বলেন, উলিপুর হ্যালিপ্যাড থেকে আমিন মোড় পর্যন্ত একটি আধুনিক বাইপাস সড়ক নির্মাণ করা হলে শহরের অভ্যন্তরীণ সড়কে যানচাপ কমে যাবে। এতে যানজট নিরসনের পাশাপাশি সড়ক নিরাপত্তা নিশ্চিত হবে এবং দুর্ঘটনার ঝুঁকি উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে।
মানববন্ধনে বক্তারা দাবি করেন, প্রস্তাবিত বাইপাস সড়ক বাস্তবায়িত হলে স্থানীয় ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে, যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে এবং সামগ্রিকভাবে উলিপুরের অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব পড়বে।
কর্মসূচিতে উপস্থিত নাগরিকরা জনস্বার্থে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রকল্প দ্রুত বাস্তবায়নের জন্য সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়, সড়ক ও জনপথ বিভাগ এবং স্থানীয় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।