ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের আওতাধীন বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা কর্মসূচির অধীনে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তির চেক বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) পীরগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে ২০২৫-২৬ অর্থবছরের শিক্ষা বৃত্তির চেক আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম রব্বানী সরদার।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে চেক বিতরণ করেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান। তিনি তার বক্তব্যে বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড। বর্তমান সরকার দরিদ্র ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সন্তানদের শিক্ষার সুযোগ নিশ্চিত করতে বিভিন্ন ধরনের বৃত্তি ও আর্থিক সহায়তা প্রদান করে আসছে। শিক্ষার্থীদের ভবিষ্যৎ উন্নয়নে এসব সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুল হাকিম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউর ইসলাম জিয়া এবং স্থানীয় প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, শিক্ষক ও অভিভাবকবৃন্দ।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, শিক্ষা বৃত্তি কর্মসূচির আওতায় প্রথম থেকে পঞ্চম শ্রেণির ৩৬ জন, ষষ্ঠ থেকে দশম শ্রেণির ২২ জন এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ের ১৫ জনসহ মোট ৭৩ জন শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তির চেক প্রদান করা হয়েছে।
উপস্থিত শিক্ষার্থী ও অভিভাবকরা সরকারের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, আর্থিকভাবে অসচ্ছল পরিবারের সন্তানদের শিক্ষাজীবন চালিয়ে যেতে এ ধরনের বৃত্তি কার্যকর ভূমিকা পালন করবে।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ও অতিথিবৃন্দ শিক্ষার্থীদের সাফল্য কামনা করেন এবং শিক্ষার প্রতি আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান।