চাঁপাইনবাবগঞ্জ, গোমস্তাপুর | ০৪ জুন ২০২৬ :
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ২৮ জন বাংলাদেশি নাগরিককে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দেওয়ার (পুশ-ইন) চেষ্টা করেছে বলে অভিযোগ উঠেছে। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কঠোর নজরদারি ও তাৎক্ষণিক পদক্ষেপের কারণে ওই চেষ্টা ব্যর্থ হয়েছে।

সীমান্ত সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৪ জুন) ভোর আনুমানিক ৩টার দিকে বাঙ্গাবাড়ি বিওপির দায়িত্বপূর্ণ এলাকার আন্তর্জাতিক সীমান্ত পিলার ২০৩/৬-আর সংলগ্ন এলাকায় ভারতের ১২ বিএসএফ ব্যাটালিয়নের আশরাফপুর ক্যাম্পের সদস্যরা ২৮ জন ব্যক্তিকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করানোর চেষ্টা করে।

পুশ-ইনের শিকার ব্যক্তিদের মধ্যে ১২ জন পুরুষ, ১০ জন নারী এবং ৬ জন শিশু রয়েছে। বর্তমানে তারা দুই দেশের মধ্যবর্তী শূন্য রেখা বা নো-ম্যানস ল্যান্ড এলাকায় অবস্থান করছেন বলে জানা গেছে।
খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বাঙ্গাবাড়ি বিওপির একটি চৌকস টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। বিজিবি সদস্যরা শূন্য লাইনে অবস্থানরত ব্যক্তিদের শনাক্ত করে এবং তাদের বাংলাদেশে প্রবেশ করতে বাধা দেয়।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ভারতীয় বিএসএফ সীমান্তের বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত জনবল মোতায়েন করেছে এবং নজরদারি বৃদ্ধি করেছে। ফলে যেকোনো সময় আবারও ওই ব্যক্তিদের বাংলাদেশে পুশব্যাক করার চেষ্টা করা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এদিকে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি তাদের টহল ও নজরদারি আরও জোরদার করেছে। সীমান্তে দায়িত্বপ্রাপ্ত সদস্যদের সর্বোচ্চ সতর্ক অবস্থানে রাখা হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় বাসিন্দাদের মধ্যেও বিষয়টি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। সীমান্ত পরিস্থিতির ওপর নজর রাখছে সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী।