কুমিল্লার বুড়িচং উপজেলায় একটি মারামারির ঘটনার তদন্তে গিয়ে হামলার শিকার হয়েছেন এক পুলিশ সদস্য। দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়েছেন দেবপুর পুলিশ ফাঁড়িতে কর্মরত কনস্টেবল মো. ফোরকান।

বুধবার (৩ জুন) রাত প্রায় ১০টার দিকে উপজেলার ভারেল্লা উত্তর ইউনিয়নের রামচন্দ্রপুর পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রামচন্দ্রপুর পূর্বপাড়া এলাকায় ইকবাল হোসেনের বাড়িতে সংঘটিত একটি মারামারির ঘটনার অভিযোগ এবং জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে তদন্তে যায় দেবপুর পুলিশ ফাঁড়ির একটি টিম। পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছানোর পর অভিযুক্ত ইকবাল হোসেন ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়।

হামলার একপর্যায়ে কনস্টেবল মো. ফোরকানকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়। সঙ্গে থাকা পুলিশ সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠান। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে অন্যত্র স্থানান্তরের প্রস্তুতি নেওয়া হয় বলে জানা গেছে।

ঘটনার খবর পেয়ে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমানের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বুড়িচং থানার ওসি লুৎফুর রহমান বলেন, “পুলিশ ঘটনাস্থলে রয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। হামলাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”

পুলিশের ওপর এ হামলার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।