শিবচর (মাদারীপুর) | ৪ জুন ২০২৬ : ইসলামী ব্যাংক বাংলাদেশের চেয়ারম্যান খুরশিদ আলমের পদত্যাগের দাবিতে মাদারীপুরের শিবচরে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ব্যাংকটির একদল গ্রাহক। বৃহস্পতিবার (৪ জুন) সকাল সাড়ে ১০টার দিকে শিবচর শাখার সামনে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে অংশ নেওয়া গ্রাহকরা ব্যাংকের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, ইসলামী ব্যাংক দীর্ঘদিন ধরে দেশের অন্যতম আস্থাভাজন আর্থিক প্রতিষ্ঠান হিসেবে পরিচিত। কিন্তু সাম্প্রতিক সময়ে ব্যাংকের পরিচালনা ও নীতিনির্ধারণী কার্যক্রম নিয়ে

আমানতকারীদের মধ্যে উদ্বেগ ও অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে।
বক্তারা অভিযোগ করেন, ব্যাংকের স্বার্থ, গ্রাহকদের প্রত্যাশা এবং প্রতিষ্ঠানের দীর্ঘদিনের সুনামের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ সিদ্ধান্তের মাধ্যমে খুরশিদ আলমকে চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে। ফলে সাধারণ আমানতকারীদের মধ্যে আস্থার সংকট তৈরি হয়েছে।

তারা বলেন, দেশের ব্যাংকিং খাতের স্থিতিশীলতা, আমানতকারীদের স্বার্থ সংরক্ষণ এবং ইসলামী ব্যাংকের ভাবমূর্তি রক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরি। আগামী সাত দিনের মধ্যে চেয়ারম্যানকে অপসারণ বা তার পদত্যাগ নিশ্চিত করার দাবি জানিয়ে বক্তারা বলেন, দাবি পূরণ না হলে সারাদেশে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা ইসলামী ব্যাংক শিবচর শাখার ব্যবস্থাপকের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তারা দেশের বিভিন্ন স্থানে ইসলামী ব্যাংকের গ্রাহকদের ওপর হামলার অভিযোগ তুলে এর প্রতিবাদ জানান এবং প্রতীকী কর্মসূচি হিসেবে এক ঘণ্টার কর্মবিরতির আহ্বান জানান।

তবে মানববন্ধনে উত্থাপিত অভিযোগ ও দাবির বিষয়ে ইসলামী ব্যাংক শিবচর শাখা কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
স্থানীয়দের মতে, সাম্প্রতিক সময়ে ব্যাংকটির বিভিন্ন নীতিগত বিষয় নিয়ে গ্রাহকদের মধ্যে আলোচনা ও উদ্বেগ বৃদ্ধি পেয়েছে। এ অবস্থায় ব্যাংক কর্তৃপক্ষের পক্ষ থেকে বিষয়টি নিয়ে সুস্পষ্ট অবস্থান ও প্রয়োজনীয় ব্যাখ্যা দেওয়া হলে গ্রাহকদের আস্থা পুনঃপ্রতিষ্ঠায় সহায়ক হতে পারে।