জয়পুরহাট | ০৩ জুন ২০২৬ : জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় বজ্রপাতে সামছুদ্দিন (৬৫) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (০৩ জুন) বিকেলে উপজেলার কুসুম্বা ইউনিয়নের কুয়াতপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সামছুদ্দিন কুয়াতপুর গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে। স্থানীয় ইউপি সদস্য মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে কুয়াতপুর গ্রামের পাশের মাঠে ধান কাটার কাজ করছিলেন সামছুদ্দিন। এ সময় আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টি শুরু হলে তিনি ও তার মেয়ে হুমায়রা খাতুন পার্শ্ববর্তী রাস্তার ধারে একটি গাছের নিচে আশ্রয় নেন। হঠাৎ বজ্রপাত হলে সামছুদ্দিন গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার উদ্যোগ নেন। তবে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্যদের কান্নায় পরিবেশ ভারী হয়ে উঠেছে। স্থানীয় জনপ্রতিনিধি ও গ্রামবাসীরা নিহত কৃষকের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
উল্লেখ্য, বর্ষা মৌসুমে বজ্রপাতের ঝুঁকি বেড়ে যায়। বিশেষজ্ঞরা বজ্রপাতের সময় খোলা মাঠ, উঁচু স্থান ও গাছের নিচে আশ্রয় না নেওয়ার পরামর্শ দিয়ে থাকেন।