চাঁপাইনবাবগঞ্জ | ২ জুন ২০২৬ : চাঁপাইনবাবগঞ্জের গুরুত্বপূর্ণ যোগাযোগ অবকাঠামো বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (মহানন্দা সেতু) টোলমুক্ত করার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২ জুন) শহরের বারঘরিয়া ব্রিজ চত্বরে পায়রা চত্বরের পাদদেশে চাঁপাইনবাবগঞ্জ নাগরিক অধিকার আদায় কমিটির উদ্যোগে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের আহ্বায়ক মো. তরিকুল আলম মোল্লা। তিনি বলেন, মহানন্দা নদীর ওপর নির্মিত বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু ১৯৯৪ সালের ২৩ জুন উদ্বোধনের পর থেকে জেলার যোগাযোগ, ব্যবসা-বাণিজ্য, কৃষি, শিক্ষা ও স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। কিন্তু দীর্ঘদিন ধরে টোল আদায়ের কারণে জেলার সাধারণ মানুষ, কৃষক, শ্রমিক, শিক্ষার্থী, চাকরিজীবী ও ক্ষুদ্র ব্যবসায়ীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

তিনি আরও বলেন, দেশের বিভিন্ন অঞ্চলের অনেক গুরুত্বপূর্ণ সেতু টোলমুক্ত হলেও চাঁপাইনবাবগঞ্জবাসী এখনো সেই সুবিধা থেকে বঞ্চিত। জেলার অর্থনৈতিক উন্নয়ন, পণ্য পরিবহন ব্যয় হ্রাস এবং সাধারণ মানুষের যাতায়াত সহজ করতে মহানন্দা সেতুর টোল অবিলম্বে প্রত্যাহার করা প্রয়োজন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ রেড ক্রিসেন্ট জেলা ইউনিটের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নূরে আলম সিদ্দিকী আসাদ, সিএনজি সমিতির সভাপতি মো. আসগার আলী, সাধারণ সম্পাদক মো. মেসবাহুল হক, চাঁপাইনবাবগঞ্জ ইলেকট্রনিক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. ইকবাল আহমেদসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের বীর সন্তান বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের নামে নামকরণ করা এই সেতু শুধু একটি যোগাযোগ মাধ্যম নয়, এটি জাতীয় গৌরব ও বীরত্বের প্রতীক। তাই জাতীয় বীরের নামে প্রতিষ্ঠিত একটি সেতুতে টোল আদায় জনগণের আবেগ ও প্রত্যাশার সঙ্গে সাংঘর্ষিক।

সংবাদ সম্মেলন থেকে সরকারের কাছে তিন দফা দাবি উত্থাপন করা হয়। দাবিগুলো হলো— বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (মহানন্দা সেতু) অবিলম্বে টোলমুক্ত ঘোষণা, টোল আদায় বন্ধ করে জনগণের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিতকরণ এবং জেলার অর্থনৈতিক উন্নয়ন ও আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থার স্বার্থে দ্রুত প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ।

এ সময় সম্ভাব্য ইজারাদারদের আগামী দরপত্রে অংশ না নেওয়ার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নতুন দরপত্র বিক্রি না করার আহ্বান জানানো হয়। পাশাপাশি বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী ১ জুলাইয়ের মধ্যে মহানন্দা সেতু টোলমুক্ত করার বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ না করা হলে বৃহত্তর আন্দোলন ও লাগাতার কর্মসূচি ঘোষণা করা হবে।

সংবাদ সম্মেলনে বক্তারা আশা প্রকাশ করেন, সরকার, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জনগণের দীর্ঘদিনের দাবি বিবেচনায় নিয়ে দ্রুত মহানন্দা সেতুকে টোলমুক্ত ঘোষণা করবে।