মাদারীপুর | শিবচর | ৩১ মে ২০২৬ : ঈদ-উল-আজহার আনন্দ, ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যের আবহে মাদারীপুরের শিবচরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান। রবিবার (৩১ মে) বিকেলে শিবচর পৌরসভা অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠান নেতাকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে এক মিলনমেলায় পরিণত হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শিবচর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর সরোয়ার হোসেন মৃধা। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন হাফেজ মাওলানা আহসানুল কারীম।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মাদারীপুর জেলা শাখার আমীর মাওলানা মো. মুখলেসুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি হাফেজ মো. এনায়েত হোসেন, জেলা ছাত্রশিবির সভাপতি মো. রিফাত হোসেন, উপজেলা নায়েবে আমীর মো. মজিবুর রহমান, উপজেলা সেক্রেটারি মো. ইউসুফ হাওলাদার, পৌর সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন খান, শিবচর উপজেলা বণিক সমিতির সভাপতি মো. লোকমান হোসেন খান এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. দুলাল গোমস্তাসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সঞ্চালনায় ছিলেন মো. দেলোয়ার হোসেন ও সৈয়দ জিয়া। বক্তারা বলেন, ঈদুল আজহার মূল শিক্ষা হলো আত্মত্যাগ, ভ্রাতৃত্ব ও মানবকল্যাণ। এ শিক্ষা বাস্তব জীবনে ধারণ করে সমাজে ন্যায়বিচার, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসতে হবে।

তারা আরও বলেন, সংগঠনের কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী ও জনমুখী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এ সময় ভবিষ্যৎ পরিকল্পনা, সাংগঠনিক কার্যক্রম এবং জনসেবামূলক উদ্যোগ নিয়েও মতবিনিময় করা হয়।

অনুষ্ঠানের শেষাংশে ঈদের শুভেচ্ছা বিনিময় এবং দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

পরে ইসলামী সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করেন মশিউর রহমান ও তাঁর দল। এছাড়া মুজাহিদুল ইসলাম ও তাঁর দলের নাটিকা পরিবেশনায় অনুষ্ঠানে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। সর্বশেষ মোনাজাতের মাধ্যমে ঈদ পুনর্মিলনীর সমাপ্তি ঘোষণা করা হয়।