ঠাকুরগাঁও | ২৯ মে ২০২৬ : বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাংবাদিকদের অধিকার রক্ষা ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নেই। সাংবাদিকদের মধ্যে ঐক্যের অভাব থাকায় অনেকেই ওয়েজ বোর্ড অনুযায়ী বেতন-ভাতা থেকে বঞ্চিত হচ্ছেন বলেও মন্তব্য করেন তিনি।

শুক্রবার (২৯ মে) দুপুরে ঠাকুরগাঁওয়ের মির্জা রুহুল আমিন মিলনায়তনে আয়োজিত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “সাংবাদিক সমাজকে নিজেদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যের অভাব থাকলে পেশাগত মর্যাদা ও ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব নয়। গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সাংবাদিকদের শক্তিশালী ভূমিকা রাখতে হবে।”

তিনি আরও বলেন, “এই সরকার একটি ধ্বংসস্তূপের মধ্য দিয়ে দায়িত্ব গ্রহণ করেছে। ব্যাংকগুলো খালি করে দেওয়া হয়েছিল। দেশের অর্থনীতি ভয়াবহ সংকটের মধ্যে ছিল। আমাদের শূন্য থেকে কাজ শুরু করতে হয়েছে।”

আওয়ামী লীগের সমালোচনা করে তিনি বলেন, “ব্যাংক ও আর্থিক খাত থেকে বিপুল পরিমাণ অর্থ লুটপাট করা হয়েছে। বর্তমান সরকার সীমিত সামর্থ্যের মধ্যেও দেশের উন্নয়ন ও অর্থনীতি পুনর্গঠনে কাজ করছে।”

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, “আগামী দিনগুলোতে আপনারা সহযোগিতা করলে সরকারও সাংবাদিকদের কল্যাণে যতটুকু সম্ভব কাজ করবে। গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ অংশ।”

মতবিনিময় সভায় ঠাকুরগাঁও প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফর রহমান মিঠুসহ জেলা, সদর উপজেলা, পীরগঞ্জ, রাণীশংকৈল, হরিপুর, বালিয়াডাঙ্গী, ভুল্লী ও রুহিয়া এলাকার প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন।

এ সময় জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরীফসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।