জয়পুরহাট | ২৮ মে ২০২৬ : জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় পুকুরের পানিতে ডুবে মাহিম ফারাবী (৪) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৮ মে) দুপুরে উপজেলার ধরঞ্জী ইউনিয়নের ধরঞ্জী গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।
নিহত মাহিম ফারাবী ওই গ্রামের ফারাজুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, পবিত্র ঈদুল আজহার নামাজ শেষে পরিবারের সদস্যরা কোরবানির গরুর মাংস কাটাকাটির কাজে ব্যস্ত ছিলেন। এ সময় পরিবারের অজান্তে শিশুটি বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে যায়।
কিছুক্ষণ পর স্থানীয়রা পুকুরে শিশুটির মরদেহ ভাসতে দেখে চিৎকার দিলে পরিবারের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। পরে তাকে উদ্ধার করা হলেও ততক্ষণে তার মৃত্যু হয়।
শিশুটির মৃত্যুর ঘটনায় ঈদের আনন্দ মুহূর্তেই শোকে পরিণত হয়। পুরো গ্রামজুড়ে নেমে আসে গভীর শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে এলাকাবাসীও আবেগাপ্লুত হয়ে পড়েন।
স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী জানান, শিশুদের প্রতি সার্বক্ষণিক নজরদারি না থাকলে এ ধরনের দুর্ঘটনা বাড়তে পারে। বিশেষ করে ঈদ বা পারিবারিক ব্যস্ততার সময় শিশুদের নিরাপত্তায় সবাইকে আরও সতর্ক থাকার আহ্বান জানান তারা।