২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর মাত্র কয়েকদিন আগে বড় ধরনের দুশ্চিন্তায় পড়েছে ব্রাজিল জাতীয় ফুটবল দল। দলের প্রাণভোমরা নেইমার জুনিয়র প্রথম আনুষ্ঠানিক অনুশীলন সেশনেই অনুপস্থিত থাকায় উদ্বেগ ছড়িয়ে পড়েছে সেলেসাও শিবিরে।
ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) জানিয়েছে, ডান পায়ের কাফ মাসলের চোট পুরোপুরি না সারায় অনুশীলনে অংশ নিতে পারেননি ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড। তাকে তেরেসোপোলিসের একটি বেসরকারি ক্লিনিকে নেওয়া হয় বিভিন্ন মেডিকেল পরীক্ষা-নিরীক্ষার জন্য।
বিশ্বকাপ প্রস্তুতি ক্যাম্পের দ্বিতীয় দিনেই নেইমারের এমন অনুপস্থিতি ব্রাজিলজুড়ে আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই আশঙ্কা করছেন, চোট গুরুতর হলে বিশ্বকাপ মিশন থেকেই ছিটকে যেতে পারেন এই সুপারস্টার ফুটবলার।
সিবিএফ এক বিবৃতিতে জানিয়েছে, মেডিকেল রিপোর্ট পর্যালোচনা শেষে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে। তবে এখনই নেইমারের ইনজুরি নিয়ে বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি।
নতুন কোচ কার্লো আনচেলত্তির অধীনে আগামী রবিবার পানামার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। তবে নেইমারের পাশাপাশি আরও কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে পাচ্ছেন না আনচেলত্তি। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে ব্যস্ত থাকবেন গ্যাব্রিয়েল মাগালহায়েস, মার্কিনহোস ও গ্যাব্রিয়েল মার্তিনেল্লি।
গত সপ্তাহে ঘোষিত ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াডে নেইমারের প্রত্যাবর্তন ভক্তদের মাঝে নতুন আশার সঞ্চার করেছিল। কারণ দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকার পর আবারও দলে ফিরেছিলেন তিনি।
উল্লেখ্য, ২০২৩ সালের পর থেকে ব্রাজিলের জার্সিতে কোনো ম্যাচ খেলেননি নেইমার। জাতীয় দলের হয়ে ১২৮ ম্যাচে ৭৯ গোল করে তিনি ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা।
বিশ্বকাপের আগে পানামা ও মিশরের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে ব্রাজিল। এরপর ১৩ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের বিশ্বকাপ অভিযান। গ্রুপ ‘সি’-তে ব্রাজিলের অন্য প্রতিপক্ষ স্কটল্যান্ড ও হাইতি।
কোচ কার্লো আনচেলত্তি ইতোমধ্যেই স্পষ্ট করেছেন, শুধুমাত্র অতীতের পারফরম্যান্স নয়, ফিটনেস ও বর্তমান ফর্মের ভিত্তিতেই দলে জায়গা নিশ্চিত হবে। তাই এখন পুরো ব্রাজিল তাকিয়ে আছে নেইমারের মেডিকেল রিপোর্টের দিকে।