কিশোরগঞ্জ | ২৭ মে ২০২৬ : মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের সঙ্গে মিল রেখে কিশোরগঞ্জের কটিয়াদীতে একদিন আগেই পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে। একইসঙ্গে ঈদের নামাজ শেষে পশু কুরবানি দেন মুসল্লিরা।
বুধবার (২৭ মে) সকাল ৯টায় কটিয়াদী উপজেলার লোহাজুরী ইউনিয়নের বাহেরচর গ্রামের একটি মসজিদে এ ঈদ জামাত অনুষ্ঠিত হয়। জামাতে আশপাশের বিভিন্ন উপজেলা থেকে আগত তিন শতাধিক মুসল্লি অংশ নেন।
ঈদের জামাতে ইমামতি ও খুতবা পাঠ করেন চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মির্জাখীল দরবারের মাওলানা মোরশেদুর রহমান।
নামাজ শেষে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পশু কুরবানি সম্পন্ন করেন মুসল্লিরা। প্রতিবছরের মতো এবারও চট্টগ্রামের সাতকানিয়া মির্জাখীল দরবারের অনুসারীরা সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সঙ্গে মিল রেখে একদিন আগে ঈদুল আজহা উদযাপন করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় আড়াইশ বছর আগে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মির্জাখীল গ্রামের হযরত মাওলানা মোখলেছুর রহমান জাহাঙ্গীরী (রহ.) হানাফি মাজহাবের আলোকে পৃথিবীর যেকোনো স্থানে চাঁদ দেখা গেলে তা অনুসরণের ফতোয়া প্রদান করেন। সেই ধারাবাহিকতায় তাঁর অনুসারীরা সৌদি আরব ও আরব বিশ্বের চাঁদ দেখার ঘোষণার ভিত্তিতে রোজা, ঈদুল ফিতর ও ঈদুল আজহা পালন করে আসছেন।
ঈদের জামাতে অংশ নেওয়া মুসল্লিরা জানান, সৌদির সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করতে পেরে তারা আনন্দিত। নামাজ শেষে একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।
স্থানীয়ভাবে শান্তিপূর্ণ ও ধর্মীয় পরিবেশে ঈদ জামাত সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন এলাকাবাসী।