চাঁপাইনবাবগঞ্জ | ২৬ মে ২০২৬: চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকায় পৃথক দুইটি সফল অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করেছে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)।

মঙ্গলবার (২৬ মে) রাত ১২টা ৫০ মিনিট থেকে ভোর ৫টা ১০ মিনিট পর্যন্ত পরিচালিত এ বিশেষ অভিযানে নেশাজাতীয় সিরাপ ও ভারতীয় মদ উদ্ধার করা হয়। বিজিবি সূত্র জানায়, মনোহরপুর বিওপির একটি টহল দল শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের রামনাথপুর গ্রামে অভিযান চালিয়ে ৫০ বোতল ফেয়ারডিল নেশাজাতীয় সিরাপ জব্দ করে।
অপরদিকে রঘুনাথপুর বিওপির সদস্যরা একই উপজেলার দুর্লভপুর ইউনিয়নের খাকসাপাড়া গ্রামে আরেকটি অভিযান পরিচালনা করে ৪০ বোতল ভারতীয় মদ উদ্ধার করেন। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজার মূল্য প্রায় ৮০ হাজার টাকা বলে জানা গেছে।
জব্দকৃত মাদকদ্রব্য পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
৫৩ বিজিবি সূত্র আরও জানায়, চলতি মে মাসে ব্যাটালিয়নটি ধারাবাহিক অভিযানে মোট ১৪৫ বোতল ভারতীয় মদ, ৫১০ বোতল নেশাজাতীয় এস্কাফ সিরাপ, ৯৭ বোতল ফেয়ারডিল সিরাপ, ৮০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৫০০ গ্রাম ভারতীয় গাঁজা জব্দ করেছে। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৪ লাখ ৮৬ হাজার টাকা।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের (৫৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি অবৈধ চোরাচালান ও মাদক পাচার রোধে বিজিবি নিরলসভাবে কাজ করছে। আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে সীমান্তের দুর্গম এলাকা, নদীপথ ও গুরুত্বপূর্ণ পয়েন্টে বিশেষ টহল, চেকপোস্ট এবং গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।