ঝালকাঠির নলছিটি উপজেলার নাচনমহল ইউনিয়নের একটি পুকুর থেকে আমিনুল ইসলাম বাবু তালুকদার নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে নলছিটি থানা পুলিশ। নিহতের শরীরের বিভিন্ন স্থানে কাটা-ছেঁড়ার দাগ ও আঘাতের চিহ্ন থাকায় ঘটনাটি হত্যাকাণ্ড কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।
নিহত আমিনুল ইসলাম বাবু তালুকদার নাচনমহল ইউনিয়নের কুড়ালিয়া এলাকার বাসিন্দা। তার বাবার নাম আলমগীর তালুকদার।

রোববার (২৫ মে) দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে স্থানীয়রা নাচনমহল গ্রামের রায় বাড়ির সামনের একটি পুকুরে লাশটি ভাসতে দেখে পুলিশে খবর দেন। পরে নলছিটি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

পুলিশ সূত্রে জানা গেছে, লাশের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করা হচ্ছে এবং মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে।
নলছিটি থানার দায়িত্বশীল সূত্র জানায়, “লাশের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।”

এদিকে নিহতের পরিবারের সদস্যদের কাছ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের জন্য লাশ ঝালকাঠি জেলা হাসপাতাল মর্গে পাঠানো হবে।
ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়দের ধারণা, এটি পরিকল্পিত হত্যাকাণ্ডও হতে পারে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত পুলিশ কোনো চূড়ান্ত মন্তব্য করতে রাজি হয়নি।