লালমনিরহাট | ২৪ মে ২০২৬ : লালমনিরহাটের আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নে স্বপ্না বেগম (৫০) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিবার ও স্থানীয়দের দাবি, এটি একটি নৃশংস হত্যাকাণ্ড।

রোববার (২৪ মে) সকালে উপজেলার বোর্ডঘর দক্ষিণটারী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত স্বপ্না বেগম ওই এলাকার মৃত নজমুল হকের মেয়ে এবং আবুল কালামের স্ত্রী।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সকালে স্বপ্না বেগম দীর্ঘ সময় ঘুম থেকে না ওঠায় পরিবারের সদস্যরা তাকে ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে পরে তারা ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে তাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এরপর বিষয়টি পুলিশকে জানানো হয়।

খবর পেয়ে আদিতমারী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায়।

নিহতের স্বজন শাহিনা খাতুন অভিযোগ করে বলেন, “আমরা ঘরে ঢুকে স্বপ্না বেগমকে বিবস্ত্র অবস্থায় পড়ে থাকতে দেখি। তার খাট ভাঙা ছিল এবং নাক দিয়ে রক্ত বের হচ্ছিল। এটি স্বাভাবিক মৃত্যু নয়, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।”

এ বিষয়ে আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

তিনি আরও বলেন, “ঘটনার সাথে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।”
এদিকে এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্য বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত রহস্য উদঘাটন ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।