মানিকগঞ্জ | ২৪ মে ২০২৬ : “সামাজিক সহিংসতা বন্ধ করি, নারীবান্ধব সমাজ গড়ি” স্লোগানকে সামনে রেখে মানিকগঞ্জে রামিসাসহ দেশব্যাপী নারী ও শিশু ধর্ষণ-হত্যার ঘটনার দ্রুত বিচার এবং সামাজিক সহিংসতা প্রতিরোধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৪ মে) সকালে মানিকগঞ্জ প্রেসক্লাব চত্বরে সচেতন নাগরিকদের অংশগ্রহণে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। জেলা নারী ও কিশোরী উন্নয়ন ফোরামের আহ্বানে বেসরকারি উন্নয়ন সংস্থা বারসিক, পাসা ও এনজিও ফেডারেশনের যৌথ সহযোগিতায় এ প্রতিবাদী কর্মসূচির আয়োজন করা হয়।

জেলা উন্নয়ন কমিটির নেত্রী মিসেস মিলা আক্তারের সভাপতিত্বে এবং উন্নয়নকর্মী মো. নজরুল ইসলামের সঞ্চালনায় মানববন্ধন পরিচালিত হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বারসিক প্রকল্প সমন্বয়কারী ও নারীনেত্রী রাশেদা আক্তার।
মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বারসিক আঞ্চলিক সমন্বয়কারী বিমল চন্দ্র রায়, পাসার নির্বাহী পরিচালক মো. ফরিদ খান, ব্র্যাক কর্মকর্তা ও নারীনেত্রী ফারজানা আক্তার, সিআরপি মানিকগঞ্জ প্রতিনিধি মো. মাহবুবুর রহমান, এসেট-এর নির্বাহী পরিচালক মো. রফিকুল ইসলাম, জেলা নারী উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক আসমা আক্তার এবং মানব কন্যা নেত্রী মিথীলা আক্তারসহ বিভিন্ন সামাজিক ও উন্নয়ন সংগঠনের প্রতিনিধিরা।

বক্তারা বলেন, রামিসা হত্যাকাণ্ডে অভিযুক্তদের গ্রেপ্তার হওয়া ইতিবাচক পদক্ষেপ হলেও বিচার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। তারা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলা এবং নিরাপদ সমাজ প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

এ সময় বক্তারা আরও বলেন, নারী ও শিশুদের প্রতি সহিংসতা প্রতিরোধে পরিবার, সমাজ ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ জরুরি। পাশাপাশি আইনের কঠোর প্রয়োগের মাধ্যমে অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান তারা।