ঠাকুরগাঁও | ২৩ মে ২০২৬ : আন্তর্জাতিক গুম সপ্তাহ ২০২৬ উপলক্ষে গুমের শিকার ব্যক্তিদের ন্যায়বিচার, ক্ষতিপূরণ এবং ভবিষ্যতে গুমের পুনরাবৃত্তি রোধে কার্যকর নিশ্চয়তার দাবিতে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ মে) সকাল সাড়ে ১১টায় শহরের চৌরাস্তা এলাকায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধনের আয়োজন করে মানবাধিকার সংগঠন ‘অধিকার’। মানববন্ধনে বিভিন্ন মানবাধিকার কর্মী, সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধিকার-এর ঠাকুরগাঁও জেলা সমন্বয়ক নূর আফতাব রুপম। বক্তব্য রাখেন মানবাধিকার কর্মী ও রাজনৈতিক ব্যক্তিত্ব রায়হান অপু, সাংবাদিক ফজলে ইমাম বুলবুল, রফিকুল ইসলামসহ অন্যান্য বক্তারা।
বক্তারা বলেন, গত ১৭ বছরে দেশে অসংখ্য মানুষ গুমের শিকার হয়েছেন। অনেক পরিবার তাদের স্বজনদের হারিয়ে মানবেতর জীবনযাপন করছে। তারা অভিযোগ করেন, বিগত সরকারের সময় বিভিন্ন গোপন বন্দিশালা ও তথাকথিত ‘আয়নাঘর’-এ বিরোধী মতের রাজনৈতিক নেতা-কর্মী, ভিন্নমতাবলম্বী এবং সন্দেহভাজন ব্যক্তিদের বেআইনিভাবে আটক রাখা হতো।

মানববন্ধনে বক্তারা আরও বলেন, ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ-২০২৫ অনুমোদন করলেও পরবর্তীতে জাতীয় সংসদে তা পাস না হওয়ায় আইনটি কার্যকর হয়নি। এতে গুমের শিকার পরিবারগুলোর মধ্যে হতাশা সৃষ্টি হয়েছে।

তারা গুমের ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনা, ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণ প্রদান, গুম প্রতিরোধে কার্যকর আইন প্রণয়ন, আন্তর্জাতিক সনদ বাস্তবায়ন এবং ভবিষ্যতে এ ধরনের মানবাধিকার লঙ্ঘনের পুনরাবৃত্তি বন্ধে রাষ্ট্রীয় নিশ্চয়তা দাবি করেন।

উল্লেখ্য, প্রতি বছর মে মাসের শেষ সপ্তাহে বিশ্বের বিভিন্ন দেশে গুমের শিকার ব্যক্তিদের স্মরণে এবং গুমের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে আন্তর্জাতিক গুম সপ্তাহ পালন করা হয়। ১৯৮১ সালে দক্ষিণ আমেরিকার সংগঠন ‘ফেডেফেম’ প্রথম এ কর্মসূচি শুরু করে। পরবর্তীতে বিশ্বের বিভিন্ন মানবাধিকার সংগঠন এ সপ্তাহ পালন করে আসছে।