ঠাকূরগাঁও, পীরগঞ্জ | ২৩ মে ২০২৬ : ঠাকূরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ মে) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রব্বানী সরদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঠাকূরগাঁও-৩ আসনের জাতীয় সংসদ সদস্য জাহিদুর রহমান। এছাড়াও বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) এন এম ইসফাকুল কবীর এবং পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন প্রামাণিক।
সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, সরকারি উন্নয়ন কার্যক্রম, জনসেবা নিশ্চিতকরণ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও সামাজিক নিরাপত্তা বিষয়ক নানা দিক নিয়ে আলোচনা করা হয়। উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের চলমান কার্যক্রম ও সমস্যা-সম্ভাবনার বিষয়েও মতবিনিময় অনুষ্ঠিত হয়।
এসময় সভায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগ, উপজেলা প্রকৌশলী কার্যালয়, মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা বিভাগ, সমাজসেবা বিভাগ, খাদ্য বিভাগ, ত্রাণ বিভাগ, কৃষি বিভাগ, প্রাণিসম্পদ বিভাগ, মৎস্য বিভাগ, যুব উন্নয়ন বিভাগ, পরিসংখ্যান বিভাগ, মহিলা বিষয়ক বিভাগ, জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ, সমবায় বিভাগ, পল্লী উন্নয়ন বিভাগ, বন বিভাগ, বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ, পল্লী বিদ্যুৎ, আনসার ও ভিডিপি, আইসিটি বিভাগ, নির্বাচন অফিস, তথ্যসেবা বিভাগ, পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন, রেল স্টেশন, পীরগঞ্জ থানা ও ভূমি সম্পর্কিত বিভাগসহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা তাদের কার্যক্রম উপস্থাপন করেন।
সভায় বক্তারা উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন ও জনগণের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সরকারি সেবার মান উন্নয়ন এবং সাধারণ মানুষের ভোগান্তি কমাতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে আরও আন্তরিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়।