পাঁচবিবি, জয়পুরহাট | ২২ মে ২০২৬ : “মাদকে না বলি, সুস্থ সুন্দর জীবন গড়ি” প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় ওয়ার্ড ফেস্টিভাল ফুটবল টুর্নামেন্ট সিজন-২ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২২ মে) বিকেলে উপজেলার আওলাই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আয়োজনে শন্তাগুড়নি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি আওলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একরামুল হক চৌধুরী তৌহিদ। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। নিয়মিত ক্রীড়া চর্চা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এসময় উপস্থিত ছিলেন কামদিয়া নুরুল হক ডিগ্রি কলেজের প্রভাষক ওবাইদুর রহমান আলম, শাইলট্রি বিএম কলেজের প্রভাষক মোঃ মজিবুর রহমান, জয়পুরহাট জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক গোলাম রাব্বানী রাব্বী, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক রাশেদুল ইসলাম রনি, ইউপি সদস্য হাম্মদ আলী, যুবনেতা আতিকুর রহমান আতিক ও সমন্বয়ক সেলিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে ডোলপাড়া টাইগার্স ও শন্তা র‍্যাপটার্স ফুটবল একাদশ। খেলা উপভোগ করতে মাঠে বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতি লক্ষ্য করা যায়। আয়োজকরা জানান, টুর্নামেন্টের মাধ্যমে এলাকার যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে খেলাধুলা ও সামাজিক সম্প্রীতির বন্ধনে যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
স্থানীয় ক্রীড়াপ্রেমীরা এ ধরনের আয়োজনকে ইতিবাচক উদ্যোগ হিসেবে উল্লেখ করে নিয়মিত আয়োজনের দাবি জানান।