চট্টগ্রাম, বাঁশখালী | ২২ মে ২০২৬ : চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় পৃথক মাদকবিরোধী অভিযানে ৪ জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) মধ্যরাতে বাঁশখালী থানা পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ওমর সানী আকন।
অভিযান সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন এলাকায় মাদকসেবন ও মাদক ব্যবসার অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় নেশাগ্রস্ত অবস্থায় জনশৃঙ্খলা বিনষ্ট এবং মাদক ব্যবসার দায়ে চারজনকে আটক করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, চাম্বল ইউনিয়নের আজানিপাড়া এলাকা থেকে বোয়ালখালীর বাসিন্দা ও পেশায় রাজমিস্ত্রী মোঃ সাজ্জাদ হোসেন (২৮)কে আটক করা হয়। নেশাগ্রস্ত অবস্থায় অস্বাভাবিক আচরণ করে জনশৃঙ্খলা বিনষ্ট করার দায়ে তাকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
এছাড়া জলদী পৌরসভার মিয়ার বাজার মাছগলি এলাকা থেকে বাহারুল্লাপাড়ার আমির হোসেনের ছেলে ও পেশায় প্যাকেজ ড্যান্সার মোঃ হৃদয় (২৫) এবং একই এলাকার মৃত সৈয়দ আহমদের ছেলে এক্সক্যাভেটর চালক আজিজ আহমদ (৩০)কে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন।
অন্যদিকে জলদী বড়ুয়াপাড়ায় শুঁটকি ব্যবসার আড়ালে মাদক ব্যবসার অভিযোগে ষাটোর্ধ্ব মৃদুল বড়ুয়াকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে মদভর্তি বোতল এবং মদ বিক্রির কাজে ব্যবহৃত অসংখ্য খালি বোতল উদ্ধার করা হয়। পরে আদালত তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ওমর সানী আকন বলেন, “সমাজ থেকে মাদক নির্মূলে প্রশাসনের অভিযান চলমান রয়েছে। ভবিষ্যতেও মাদকবিরোধী এ ধরনের অভিযান আরও জোরদারভাবে পরিচালনা করা হবে।”
স্থানীয় সচেতন মহল মাদক নিয়ন্ত্রণে প্রশাসনের এ ধরনের অভিযানকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন। তারা বলেন, নিয়মিত অভিযান অব্যাহত থাকলে এলাকায় মাদকসেবন ও মাদক ব্যবসা অনেকাংশে কমে আসবে।