ভারতের প্রাক্তন টেস্ট অধিনায়ক বিরাট কোহলি সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রকাশ করেছেন কেন তিনি ২০২২ সালে টেস্ট অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত নেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ হারের একদিন পর এই আকস্মিক পদত্যাগের ঘোষণা দেন কোহলি।
তিনি জানান, দলের ব্যাটিংয়ের মূল দায়িত্বের সঙ্গে নেতৃত্বের দায়িত্ব নেয়ার সময় তার ব্যক্তিগত জীবনে প্রচণ্ড মানসিক চাপ কাজ করছিল। কোহলি বলেন, “আমি তখন দলের ব্যাটিংয়ের মূল ভরসা ছিলাম। পরে নেতৃত্বের ভারও আমার কাঁধে দেয়া হয়েছিল। তখন বুঝতে পারিনি এই জোড়া চাপ আমার ব্যক্তিগত জীবনে কতটা প্রভাব ফেলছিল। শেষ পর্যন্ত অধিনায়কত্ব ছাড়ার সময়ে আমার ভেতরে আর কিছুই বাকি ছিল না।”
তিনি আরও যোগ করেন, রান না পাওয়া বা ভালো খেলার ক্ষেত্রে দল হারা—উভয় পরিস্থিতিতেই প্রশ্ন আসত। এই চাপ এতটাই গভীর ছিল যে, নেটে অনুশীলনের সময়ও দ্বিধা অনুভব করতেন তিনি। তবে তৎকালীন প্রধান কোচ রাহুল দ্রাবিড়ের সমর্থন ও পরামর্শের ফলে কোহলি আবার ক্রিকেট উপভোগ করতে শুরু করেন।
৭ বছর ভারতের টেস্ট দলের দায়িত্ব সামলে ৬৮ ম্যাচে ৪০ জয় উপহার দিয়ে কোহলি ভারতের সবচেয়ে সফল টেস্ট অধিনায়ক হিসেবে ইতিহাসে নাম লেখান। এই স্বীকারোক্তি প্রমাণ করে যে, আন্তর্জাতিক ক্রিকেটের সফলতার পেছনে মানসিক লড়াই কতটা তীব্র হতে পারে।