রাঙ্গাবালী ,পটুয়াখালী | ২০ মে ২০২৬ : পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় এক পল্লী চিকিৎসকের বাড়িতে গভীর রাতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদের হামলায় গৃহকর্তা রাসেল হাওলাদার ও তার স্ত্রী আহত হয়েছেন। এ সময় নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোনসহ কয়েক লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে।
মঙ্গলবার (২০ মে) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়ন-এর গহীনখালী গ্রাম-এর ৪ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী রাসেল হাওলাদারের ভাই মো. হাসানাইন আহমেদ রাব্বী বাদী হয়ে রাঙ্গাবালী থানায় একটি মামলা দায়ের করেছেন।
মামলা সূত্রে জানা যায়, ৪ থেকে ৫ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল ঘরের পশ্চিম পাশের জানালার কাঠ ভেঙে ঘরে প্রবেশ করে। পরে তারা গৃহকর্তা রাসেল হাওলাদারকে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে হাত-পা ও চোখ বেঁধে ফেলে। এ সময় তাকে মারধর ও কুপিয়ে গুরুতর আহত করা হয়। ডাকাতদের হামলায় রাসেলের স্ত্রীও আহত হন।
একপর্যায়ে ডাকাতরা ঘরে থাকা প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা, ২ ভরির বেশি স্বর্ণালংকার, একাধিক মোবাইল ফোন ও অন্যান্য মূল্যবান মালামাল লুট করে পালিয়ে যায়।
ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং অভিযান চালিয়ে একজন সন্দেহভাজনকে আটক করে। পুলিশ জানিয়েছে, জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।