গাইবান্ধা, সুন্দরগঞ্জ | ২০ মে ২০২৬ : প্রাকৃতিক দুর্যোগ কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কয়েকটি ইউনিয়ন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝড়ের আঘাতে বিশেষ করে রামজীবন এলাকায় প্রায় শতাধিক বসতবাড়ি ভেঙে যায় এবং বহু পরিবার গৃহহীন হয়ে পড়ে।
ঝড় পরবর্তী ক্ষয়ক্ষতি পরিদর্শন করেন স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক মাজেদুর রহমান। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং সরকারি সহায়তা দ্রুত পৌঁছে দেওয়ার আশ্বাস প্রদান করেন।
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (২০ মে) সকাল ১০টায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে মানবিক সহায়তা হিসেবে ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়। এ সময় অসহায় পরিবারগুলোর মাঝে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হয়।
চাল বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফাত জাহান তুলি, সংসদ সদস্য অধ্যাপক মাজেদুর রহমান (গাইবান্ধা-১), ইউপি চেয়ারম্যান সামসুল হুদা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন ও জরুরি সহায়তা কার্যক্রম পর্যায়ক্রমে অব্যাহত থাকবে।