মানিকগঞ্জ, হরিরামপুর | ২০ মে ২০২৬ : “অগ্নিযোদ্ধাদের একটাই পণ—নিরাপদ রাখবো সম্পদ ও জীবন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স দিবস-২০২৬ উপলক্ষে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা র্যালি ও বর্ণাঢ্য আয়োজনে নানা কর্মসূচি পালন করা হয়েছে।

বুধবার (২০ মে) বেলা ১১টায় উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিস প্রাঙ্গনে দিবসটি উপলক্ষে আলোচনা সভা, র্যালি এবং সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হরিরামপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম এবং সঞ্চালনা করেন ফায়ার ফাইটার সাজ্জাত।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পরে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে আলোচনা সভায় অগ্নিকাণ্ড প্রতিরোধ, অগ্নিদুর্ঘটনায় তাৎক্ষণিক করণীয়, ভূমিকম্প ও ভূমিধসের সময় জনসচেতনতা এবং প্রস্তুতিমূলক করণীয় বিষয়ে বিস্তারিত আলোকপাত করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাহিদা আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরিরামপুর থানার এসআই অভিজিৎ এবং বয়রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদুর রহমান ফরিদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, দুর্যোগ ও অগ্নিকাণ্ডে জানমাল রক্ষায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনসচেতনতা বৃদ্ধি এবং প্রাথমিক প্রস্তুতি থাকলে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব। এ ধরনের আয়োজন জনগণের মাঝে সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।