পটিয়া, চট্টগ্রাম | ১৯ মে ২০২৬ :
চট্টগ্রামের পটিয়া উপজেলা ভূমি অফিস চত্বরে মঙ্গলবার (১৯ মে) অনুষ্ঠিত হলো “ভূমি সেবা মেলা-২০২৬”, যা আয়োজন করে পটিয়া ভূমি প্রশাসন।
মেলার উদ্বোধন করেন চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব এনামুল হক এনাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ফারহানুর রহমান। স্বাগত বক্তব্য প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) রয়া ত্রিপুরা।
উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি বলেন, ভূমি সেবা জনগণের মৌলিক অধিকার। জনগণ যাতে এই অধিকার থেকে বঞ্চিত না হয়, সেজন্য সরকার ভূমি ব্যবস্থাপনাকে আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব রূপে গড়ে তুলছে। তিনি ভূমি কর্মকর্তাদের জনগণের প্রতি আরও দায়িত্বশীল ও সেবামুখী হওয়ার আহ্বান জানান।
“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত মেলায় অনলাইন ভূমি সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, হয়রানিমুক্ত সেবা প্রদান এবং দ্রুত সেবা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
মেলায় ভূমি উন্নয়ন কর প্রদান, অনলাইনে খতিয়ান ও নামজারি সেবা, ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা, সরাসরি অভিযোগ গ্রহণ এবং প্রযুক্তিনির্ভর নাগরিক সেবার বিভিন্ন দিক তুলে ধরা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক মেয়র নুরুল ইসলাম সওদাগর, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলম, বিএনপি নেতা বদরুল খায়ের চৌধুরী, পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী আবু তাহের, আবদুল মাবুদ, উপজেলা ক্রীড়া সংস্থা সদস্য সচিব মঈনুল আলম ছোটন, মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র নাথ, শিক্ষা কর্মকর্তা বিশ্বজিৎ কর্মকার, ছাত্রদল নেতা আলী হোসেন, জেলা ছাত্রদল নেতা এস এম নয়নসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ভূমি প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, এই ধরনের মেলা জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং ডিজিটাল ভূমি ব্যবস্থাপনায় জনগণের অংশগ্রহণ বাড়াচ্ছে।