আশাশুনি, সাতক্ষীরা | ১৯ মে ২০২৬: আশাশুনি উপজেলা ভূমি অফিস চত্বরে ৩ দিনব্যাপী ভূমিসেবা মেলা–২০২৬ এর উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৯ মে) সকালে “জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনাঃ সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” স্লোগানকে সামনে রেখে এ মেলার আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে জাতীয়ভাবে সম্প্রচারিত মাননীয় প্রধানমন্ত্রীর উদ্বোধনী অনুষ্ঠান বড় পর্দায় সরাসরি প্রদর্শন করা হয়। জাতীয় উদ্বোধন শেষে স্থানীয় পর্যায়ে আশাশুনির ভূমিসেবা মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও অতিরিক্ত দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) শ্যামানন্দ কুন্ডু। তিনি লাল ফিতা কেটে মেলার শুভ সূচনা করেন।

উদ্বোধন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সহকারী কমিশনার (ভূমি) শ্যামানন্দ কুন্ডু, আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীম আহমদ খান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি স.ম. হেদায়েতুল ইসলাম, জামায়াতের আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার, বিএনপির সাবেক সদস্য সচিব জাকির হোসেন বাবু, পিআইও আমিরুল ইসলাম, শিক্ষা কর্মকর্তা আতিয়ার রহমান, প্রেস ক্লাব সভাপতি এস.কে. হাসানসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ব্যক্তিবর্গ ও সেবা নিতে আসা সাধারণ মানুষ বক্তব্য দেন।

ইউএনও শ্যামানন্দ কুন্ডু বলেন, “এখন অনলাইন নামজারি থেকে ই-পর্চা—সব ডিজিটাল ভূমি সেবা এক ছাদের নিচে পাওয়া যাচ্ছে। এতে মানুষের সময় ও ভোগান্তি দুটোই কমছে। সরকার ভূমি সেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”
তিনি আরও বলেন, মেলার মাধ্যমে সাধারণ মানুষকে ভূমি সংক্রান্ত ডিজিটাল সেবা সম্পর্কে সচেতন করা হচ্ছে। পাশাপাশি গণশুনানি ও সরাসরি পরামর্শের মাধ্যমে দীর্ঘদিনের জটিল ভূমি সমস্যারও সমাধান দেওয়া হচ্ছে।
১৯ মে থেকে শুরু হওয়া এ মেলা চলবে ২১ মে পর্যন্ত। এ সময় অনলাইন নামজারি, ভূমি উন্নয়ন কর পরিশোধ, ই-পর্চা সংগ্রহ, খতিয়ান সংশোধনসহ বিভিন্ন ডিজিটাল ভূমি সেবা প্রদান এবং সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে।