নান্দাইল, ময়মনসিংহ | ১৯ মে ২০২৬ :
“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নান্দাইলে শুরু হয়েছে ৩ দিনব্যাপী ভূমিসেবা মেলা-২০২৬। উপজেলা ভূমি অফিসের আয়োজনে ‘মায়াবন’ প্রাঙ্গণে মঙ্গলবার (১৯ মে) ফিতা কেটে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাতেমা জান্নাত। মেলা চলবে ২১ মে পর্যন্ত।

উদ্বোধনের পর একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে অতিথিবৃন্দ মেলায় অংশ নেওয়া বিভিন্ন সেবাধর্মী স্টল পরিদর্শন করেন এবং সেবাগ্রহীতাদের সঙ্গে কথা বলেন।

মেলায় আগত সাধারণ মানুষের ভূমি সংক্রান্ত জটিল প্রশ্নের তাৎক্ষণিক সমাধান ও সরাসরি আইনি পরামর্শ প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) সালাহ উদ্দিন মাহমুদ এবং সাব-রেজিস্ট্রার শেখ আব্দুস সামাদ আজাদ। ই-নামজারি, ভূমি উন্নয়ন কর, খতিয়ান, পর্চা, অনলাইন সেবা ব্যবহারসহ নানা বিষয়ে হাতে-কলমে দিকনির্দেশনা দেওয়া হচ্ছে।

সহকারী কমিশনার (ভূমি) সালাহ উদ্দিন মাহমুদ জানান, মেলার মূল লক্ষ্য হলো জনগণের মধ্যে ভূমিসেবা ডিজিটালাইজেশন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, অনলাইন ভূমি সেবা ব্যবহারে উৎসাহ প্রদান, ভূমি উন্নয়ন কর সহজে আদায়ে সহায়তা এবং ভূমি ব্যবস্থাপনায় শতভাগ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা।

ভূমি সংক্রান্ত যেকোনো তথ্য, ই-নামজারি বা সেবা গ্রহণের জন্য নান্দাইলের সর্বসাধারণ ও ভূমি মালিকদের মেলায় অংশ নেওয়ার জন্য বিশেষভাবে আহ্বান জানানো হয়েছে।