বাঁশখালী, চট্টগ্রাম | ১৯ মে ২০২৬ : চট্টগ্রামের বাঁশখালীতে বাঁশখালী থানা পুলিশের বিশেষ অভিযানে দীর্ঘদিন ধরে পলাতক থাকা এক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার সকাল আনুমানিক ১১টার দিকে পৌরসভার হাড্ডি মার্কেট এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রবিউল হকের দিকনির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন থানার চৌকস কর্মকর্তা এসআই আজিজুর রহমান। তার দক্ষতা, কৌশল ও সাহসিকতায় মোহাম্মদ দেলোয়ার হোসেন (৩০) নামের এক সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

গ্রেপ্তারকৃত দেলোয়ার হোসেন পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তার পিতার নাম আবুল হোসেন এবং মাতার নাম নুর নাহার। পুলিশের তথ্য অনুযায়ী, একটি সি আর মামলায় আদালত তাকে ১ বছর ৬ মাসের সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ১ মাসের কারাদণ্ড প্রদান করেন। এছাড়াও তার বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন রয়েছে বলে জানা গেছে।

আইনশৃঙ্খলা বাহিনী জানায়, দীর্ঘদিন আত্মগোপনে থেকে তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়িয়ে চলছিলেন। তবে ওসি মোহাম্মদ রবিউল হকের কঠোর নির্দেশনা ও জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে চলমান বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, সাম্প্রতিক সময়ে বাঁশখালী থানা পুলিশের নিয়মিত অভিযান ও অপরাধ দমনে সক্রিয় ভূমিকা এলাকায় স্বস্তি ও নিরাপত্তাবোধ তৈরি করেছে। বিশেষ করে এসআই আজিজুর রহমানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানের প্রশংসা করেন অনেকে।
বাঁশখালী থানা পুলিশ জানিয়েছে, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।