উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ১৪৮ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (১৮ মে) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার আমানগন্ডা সীমান্ত এলাকায় ১০-বিজিবির একটি টহলদল এ অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা যায়, মাদক ও চোরাচালান বিরোধী অভিযানের অংশ হিসেবে আমানগন্ডা বিওপির সদস্যরা সীমান্ত এলাকায় তল্লাশি চালায়। এসময় সীমান্ত থেকে প্রায় এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে সপুয়া বাজার এলাকায় মোঃ ফাহাদ মিয়ার একটি ফার্নিচার দোকানের পেছনের বাথরুম থেকে ১৪৮ কেজি ভারতীয় গাঁজা জব্দ করা হয়।

উদ্ধার হওয়া বিপুল পরিমাণ গাঁজা পরবর্তীতে চৌদ্দগ্রাম থানায় জমা দেওয়া হয়েছে। এ ঘটনায় অবৈধভাবে মাদকদ্রব্য মজুদ ও বিক্রয়ের অভিযোগে পলাতক আসামি মোঃ ফাহাদ মিয়া (২৮)-এর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, অভিযুক্ত ফাহাদ মিয়া কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার নোয়াপুর গ্রামের বাসিন্দা এবং তিনি দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে। আইনশৃঙ্খলা বাহিনীর এমন অভিযানে সীমান্ত এলাকায় মাদক পাচার অনেকাংশে নিয়ন্ত্রণে আসবে বলে আশা করছেন স্থানীয়রা।