জামালপুর | ১৯ মে ২০২৬ মঙ্গলবারঃ
জামালপুর জেলার মাদারগঞ্জ ও বকশীগঞ্জ উপজেলায় পৃথক ঘটনায় খেলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে ঘটে যাওয়া এ দুটি মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
প্রথম ঘটনায় মাদারগঞ্জ উপজেলার জোড়খালি ইউনিয়নের বেতেগা গ্রামে দেড় বছর বয়সী শিশু ইয়ামিন পানিতে পড়ে মারা যায়। নিহত ইয়ামিন ওই গ্রামের জাহিদুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে শিশুটির মা রান্নাঘরে কাজ করছিলেন। এ সময় ইয়ামিন বাড়ির উঠানে খেলছিল। সম্প্রতি বাড়ির পাশে মাটি উত্তোলনের জন্য একটি গর্ত করা হয়েছিল, যা বৃষ্টির পানিতে ভরে যায়। খেলতে খেলতে অসাবধানতাবশত শিশুটি ওই গর্তের পানিতে পড়ে যায়। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা তাকে খুঁজে পান এবং দ্রুত মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মো. নাহিদুল ইসলাম নিশ্চিত করেন যে হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়।
অন্যদিকে একইদিন সকালে বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের গাজীরপাড়া গ্রামে দুই বছর বয়সী মোহাম্মদ আলী পানিতে ডুবে মারা যায়। নিহত মোহাম্মদ আলী ওই গ্রামের সুজা আলীর ছেলে।
পরিবারের সদস্যরা জানান, শিশুটির মা লামিয়া আক্তার সকালে রান্নার কাজে ব্যস্ত ছিলেন। এ সময় মোহাম্মদ আলী বাড়ির আঙিনা থেকে পাশের সিংগিডোবা বিলে পড়ে যায়। কিছুক্ষণ পর তাকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করলে স্থানীয়রা বিলের পানিতে শিশুটিকে উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বকশীগঞ্জ থানাধীন কামালের বার্ত্তী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
দুটি পৃথক ঘটনায় একই দিনে দুই শিশুর মৃত্যুতে এলাকায় গভীর শোক বিরাজ করছে।