চাঁপাইনবাবগঞ্জ | ১৯ মে ২০২৬ : “জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি সমৃদ্ধ ভবিষ্যৎ”—এই স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমি মেলা-২০২৬। মঙ্গলবার (১৯ মে) সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

পরে দেশব্যাপী একযোগে ভার্চুয়াল প্ল্যাটফর্মে যুক্ত হয়ে মেলার উদ্বোধন করেন তারেক রহমান। ১৯ মে থেকে ২১ মে ২০২৬ পর্যন্ত এ মেলা চলবে। ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় জেলা প্রশাসন ও সদর উপজেলা প্রশাসনের আয়োজনে মেলাটি অনুষ্ঠিত হচ্ছে।

মেলায় নাগরিকদের ভূমি-সংক্রান্ত বিভিন্ন সেবা সহজে প্রদান, নামজারি, জমাখারিজ, খতিয়ান, পর্চা ও ভূমি তথ্য সেবা সম্পর্কে সরাসরি দিকনির্দেশনা দেওয়া হচ্ছে। ২৪ ঘণ্টা ভূমি সেবা পেতে নাগরিকদের ১৬১২২ নম্বরে যোগাযোগের আহ্বান জানানো হয়।
আলোচনায় বক্তারা বলেন, একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে স্বচ্ছ ও আধুনিক ভূমি ব্যবস্থাপনার কোনো বিকল্প নেই। দলিলের মাধ্যমে ভূমির মালিকানা অর্জিত হলেও নামজারি ও জমাখারিজের মাধ্যমেই তার সরকারি স্বীকৃতি মেলে। বর্তমান উদ্যোগের ফলে ভূমি সেবা আরও জনবান্ধব ও জটিলতামুক্ত হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফয়সাল রায়হান, অতিরিক্ত পুলিশ সুপার এ এম এন ওয়াসিম ফিরোজ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফ আফজাল রাজন, সহকারী কমিশনার (ভূমি) মো. ইকরামুল হক নাহিদসহ জেলা বিএনপির সদস্য সচিব মো. রফিকুল ইসলাম এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।